এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।
সাবেক ব্যাটার কেদার যাদব মনে করেন, পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে না ভারত।
সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেন ভারতের সাবেক ক্রিকেটাররা।
যদিও এটি আইসিসি বা এসিসি অনুমোদিত টুর্নামেন্ট ছিল না, তবে এরপর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
কেদার যাদব ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “আমার মনে হয় না ভারত এই ম্যাচ খেলবে। পাকিস্তানের বিপক্ষে ভারত সব জায়গায় জিতবে, কিন্তু এই ম্যাচটা হওয়া উচিত নয়। আমি নিশ্চিত করে বলতে পারি, ম্যাচটা হবে না।”
ভারতের সাবেক স্পিনার হরভজন সিংও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেন, “যত দিন দুই দেশের রাজনৈতিক বিবাদ মেটানো না হবে, তত দিন ক্রিকেট খেলা ঠিক নয়। একটি জাতির তুলনায় ক্রিকেট ছোট বিষয়।”
তবে ভিন্নমত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর মতে, সরকার অনুমতি দিলে ম্যাচটি অবশ্যই হবে। তিনি বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় সরকারের অনুমতির ওপর নির্ভর করে। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি, তবে সরকার চাইলে খেলা চালিয়ে যাওয়া উচিত।”
অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী মনে করেন, ভারত ম্যাচ বর্জন করলে পাকিস্তানেরই লাভ। তিনি বলেন, “আমি চাই ভারত আমাদের বিপক্ষে না খেলুক। কারণ যদি খেলে, তারা পাকিস্তানকে বড় ব্যবধানে হারাবে।”
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। দুই দল ভালো করলে টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
কীওয়ার্ডস:
এশিয়া কাপ ২০২৫, ভারত পাকিস্তান ক্রিকেট, ভারত-পাকিস্তান ম্যাচ, ক্রিকেট বয়কট, এশিয়া কাপ সূচি