বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • রাজপথ
  • ২০২৫-০৮-১৯ ১১:৫৪:৩৪

অবিরাম আমার বুকে গাড়িঘোড়া চলে, 
কত আনন্দ বেদনার মিছিল যায়।
আমি দেখি শুনি তবে শেষ পরিণতি বলতে পারবো না,
কারণ সমাপ্তি তো আমার জানা হয় না। 
কার কোথায় গন্তব্য তাও জানি না, শুধু জানি যাচ্ছে কোথাও, 

আমার কাছে কোনো ভেদাভেদ নেই --
সবাই আমার চোখে সমান।
আমার বুকে কোনো স্নেহ মমতা নেই, আমি নিরেট পাথর 
তাইতো এ বুকে কখনো সবুজ ঘাস গজায় না, ফুলও ফোটে না। 

তবে আমি সেই অসহায় মেয়েটার শেষ পরিণতি জানি,
আমার পাশেই তার আবাসন ছিল,
প্রতিদিন গোধূলি আভায় একটা ছেলের হাত ধরে হাঁটতো
কী কথা হতো জানি না। 
অনেকদিন এভাবেই চলছিল, এখন আর দেখি না।

হঠাৎ একদিন দেখি মেয়েটা ঝুপড়ির পাশে বসে আছে, 
বিষণ্নতায় মাখা সেই সুন্দর মুখ,
ওকে দেখে বুকের ভেতর একটা কষ্ট অনুভব করছিলাম। 

পরদিন সকালে ওখানে লোকজনের ভিড় দেখলাম পুলিশও এসেছে --- মেয়েটা একটা গাছে ঝুলছিল।  
বড্ড কষ্ট হচ্ছিল --
যদিও প্রতিদিনই কত তাজা রক্তের স্রোত
বয়ে যায় আমার বুকে
কখনো যানবাহনের পিষণে কখনো বা অস্ত্রের ঝলকানিতে।
তবুও----
বারবার মনে হচ্ছিল মেয়েটা আর কখনো ওর নরম পা দুটো
রাখবে না এই পিচঢালা পথে।


এ জাতীয় আরো খবর