মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়ে মৌসুম শুরু করল আর্সেনাল

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৮-১৮ ১১:১৮:২৮
ছবি: সংগৃহীত।

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দারুণ সূচনা করেছে আর্সেনাল। 
রোববার (১৭ আগস্ট) ওল্ড ট্র্যফোর্ডে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। 
ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি।
ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। পুরো খেলায় ৬২ শতাংশ পজেশন ধরে রাখার পাশাপাশি ২২টি শট নেয় তারা। 
তবে কার্যকর আক্রমণে ব্যর্থ হওয়ায় গোলের দেখা মেলেনি রেড ডেভিলদের। আর্সেনালের করা ৯ শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে।
১৩তম মিনিটে প্রতিপক্ষের কর্নার ক্লিয়ার করার চেষ্টা ব্যর্থ হলে গোলরক্ষক বায়িন্দির হাতে লেগে বল চলে যায় ক্যালাফিওরির কাছে। 
তিনি মাথা ছুঁয়ে সেটি জালে জড়িয়ে দেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালায় ইউনাইটেড। একের পর এক আক্রমণ সাজালেও প্রতিপক্ষ রক্ষণের দৃঢ়তায় গোল আদায় করতে পারেনি তারা। 
ফলে নতুন মৌসুম শুরু হলো হারের হতাশা নিয়ে।
অন্যদিকে দিনের শুরুতে চেলসি ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে মৌসুম শুরু করেছে। 
আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।

কীওয়ার্ডস:
আর্সেনাল বনাম ম্যানইউ, প্রিমিয়ার লিগ ২০২৫, রিকার্ডো ক্যালাফিওরি গোল, আর্সেনালের জয়, ম্যানচেস্টার ইউনাইটেড হার


এ জাতীয় আরো খবর