বিশ্বাস শব্দটি কানে যেতেই আঁতকে উঠি ----
কেননা আমার অভিধান থেকে শব্দটি মুছে গেছে সেই কবে !
কৈশোর বেলায় তখন কেবলই ডানা মেলেছি স্বপ্নের,
কোনো এক বারোয়ারি মেলায় ঘুরতে ঘুরতে
মা-বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম,
সেদিন একা একা বাড়ি ফেরার পথে
রিকশাচালক পৌঁছে দিল অন্ধকার গলিতে।
গুটিকতক ছেলেকে সাহায্য করেছিলাম চিকিৎসার জন্য ---
দেখি ওরা নেশার আসরে উল্লাসে মত্ত।
বিশ্বাসে ভর করে ধার দিয়েছিলাম --
বিপদ কেটে যেতেই অস্বীকার করলো,
বিশ্বাসের ঝুড়িতে জমা হলো বেইমানী।
অগাধ বিশ্বাসে প্রেমিকের হাত ধরে যে রঙিন স্বপ্ন দেখেছিলাম --
দিনের আলো শেষ না হতেই স্বপ্ন ভেঙে চুরমার।
তারপর একদিন অগ্নিসাক্ষী করে
কয়েকটি মন্ত্র বলে যাকে জীবন সাথী করলাম---
সেও মাঝপথে বিশ্বাস হরণ করলো।
অবিশ্বাসের আঘাতে আঘাতে আমি যখন বিমর্ষ --
গোটা পৃথিবীকে দেখছি অবিশ্বাসের চোখে
মনে হলো নিঃশ্বাসেও বিশ্বাস নেই --
তাই একটা প্রাচীর তুলে দিলাম নিশ্বাস-বিশ্বাসের মাঝে।