সোমবার, মে ২৫, ২০২৬

সবার অধিকার সমান: সেনাবাহিনী প্রধানের বার্তা জন্মাষ্টমীতে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১৬ ২২:১৯:০৩
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের অধিকার সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার, আর এখানে বিভাজনের কোনো স্থান নেই। তিনি আরও আশ্বাস দেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার রাজধানীর পলাশী মোড়ে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির এই আয়োজন করে।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ পাহাড়ি-বাঙালি, উপজাতিসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে। ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে।
তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের জীবনকে সত্য, ন্যায় ও সাম্যের পথে পরিচালিত করে। জন্মাষ্টমীর এই আনন্দঘন দিনে আমাদের অঙ্গীকার হবে, দেশকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গড়ে তোলা।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, পারস্পরিক সহনশীলতার মধ্য দিয়েই দেশ আরও শক্তিশালী হয়ে উঠবে।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণাই দেয় না, ন্যায়ের পথেও দৃঢ় থাকতে শেখায়।
এ সময় তিন বাহিনীর প্রধান, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খানসহ আগত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।
পরে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হয়।

কীওয়ার্ডস: বাংলাদেশ সেনাবাহিনী,জন্মাষ্টমী ২০২৫,সাম্প্রদায়িক সম্প্রীতি,জেনারেল ওয়াকার-উজ-জামান


এ জাতীয় আরো খবর