রবিবার, জুন ১৪, ২০২৬

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, লাল গালিচা সংবর্ধনায় অভ্যর্থনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১১ ২২:৫৬:৫১
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সেখানে পৌঁছান। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
এর আগে দুপুর ২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। সফরের মূল এজেন্ডায় রয়েছে অভিবাসন ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার।
আগামী ১২ আগস্ট পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে। এছাড়া সফরকালে মোট পাঁচটি এমওইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন, বিজনেস কনফারেন্সে অংশ নেবেন এবং ১৩ আগস্ট ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়ও তিনি উপস্থিত থাকবেন।
তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আগামী ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

কীওয়ার্ডস
মুহাম্মদ ইউনূস, মালয়েশিয়া সফর, লাল গালিচা সংবর্ধনা, এমওইউ স্বাক্ষর, কুয়ালালামপুর


এ জাতীয় আরো খবর