রবিবার, মে ৩১, ২০২৬

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ছাড়াল, ইসির খসড়া তালিকা প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-১০ ১৪:০৩:৩৪
ফাইল ছবি

নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তথ্য অনুযায়ী, দেশের মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন। ২০২৫ সালে ভোটার অন্তর্ভুক্তির হার হয়েছে ৩.৬৯ শতাংশ, আর মোট বৃদ্ধি ১.৯৭ শতাংশ।
মার্চ মাসে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটার যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন এবং মৃত বা অযোগ্য হিসেবে বাদ পড়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
সম্পূরক খসড়া তালিকা আজ থেকে ইসির সব কার্যালয়ে উন্মুক্ত করা হয়েছে। সংশোধন বা আপত্তি থাকলে তা যাচাইয়ের পর আগামী ৩১ আগস্ট প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা।
ইসি জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ বছর তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন—প্রথমটি হয়েছে ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং শেষটি ৩১ অক্টোবর।
কীওয়ার্ডস: ভোটার তালিকা ২০২৫, নির্বাচন কমিশন, নতুন ভোটার সংখ্যা, খসড়া ভোটার তালিকা, ইসি আপডেট

 


এ জাতীয় আরো খবর