রবিবার, জুলাই ২৬, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর গ্রেফতারি তথ্যের পুরস্কার দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৮ ১২:৫০:১৯
ছবি সংগৃহিত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। পূর্বে যেখানে এই অঙ্ক ছিল ২ কোটি ৫০ লাখ ডলার, সেখানে এবার তা বাড়িয়ে করা হয়েছে ৫ কোটি ডলার। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) এক ভিডিওবার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা ওই ভিডিওতে বন্ডি অভিযোগ করেন, মাদুরো ট্রেন দে আরাগুয়া এবং মেক্সিকোর সিনালোয়া কার্টেলের মতো অপরাধী সংগঠনের সঙ্গে সহযোগিতা করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এর আগে মাদুরো সংক্রান্ত তথ্যের জন্য ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
এ বিষয়ে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল তীব্র প্রতিক্রিয়া জানান। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা আমাদের মাতৃভূমির সম্মান বিকিয়ে দেব না। এই হাস্যকর রাজনৈতিক অপপ্রচারের অভিযান আমরা নাকচ করছি।” তিনি যুক্তরাষ্ট্রের ঘোষণাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এটি আন্তর্জাতিকভাবে আরও গুরুত্বপূর্ণ বিষয়কে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা।
উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মাদুরোসহ ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে মামলা হয়। তাদের বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাস’ ষড়যন্ত্রে জড়িত থাকা এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

কীওয়ার্ডস: নিকোলাস মাদুরো, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র পুরস্কার, মাদুরো গ্রেফতার, মাদক সন্ত্রাস


এ জাতীয় আরো খবর