রবিবার, মে ৩১, ২০২৬

যুক্তরাষ্ট্রে সফল বাণিজ্য আলোচনা ও সাংস্কৃতিক উৎসবের নেতৃত্বে অভিনন্দিত শেখ বশিরউদ্দিন ও ফারুক

  • নিউজ প্রতিবেদন:
  • ২০২৫-০৮-০৭ ১৫:৩১:৪৮
ছবি সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনায় সফল নেতৃত্ব দেওয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে অভিনন্দন জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে, তবে উপদেষ্টা শেখ বশির উদ্দিনের দক্ষ কূটনৈতিক তৎপরতায় আমরা সেই শুল্ক কাঠামো নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছি। এর ফলে বাংলাদেশ পণ্য প্রতিযোগিতামূলক বাজারে সুবিধাজনক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, "বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের টিকে থাকার লড়াইয়ে এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখ বশির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশের সঙ্গে শুল্ক ও বাজার প্রবেশাধিকার ইস্যুতে কৌশলী অবস্থান নিয়েছে।"
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা পরিষদ জানায়, জুলাই মাসজুড়ে যে ৩৬ দিনের দীর্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করা হয়, তা ছিল অভাবনীয় ও নজিরবিহীন। ফারুকী নিজে সার্বক্ষণিক নেতৃত্ব দিয়ে অনুষ্ঠানগুলো পরিচালনা করেছেন।
বিশেষ করে ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত প্রধান আয়োজনটি লাখো মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা উপদেষ্টা পরিষদের নজরে বিশেষ গুরুত্ব পেয়েছে।
ফারুকীর নেতৃত্বে আয়োজিত এই সাংস্কৃতিক উদ্যোগকে ‘জাতীয় ঐক্য ও ইতিবাচক সামাজিক শক্তিকে উৎসাহিত করার একটি মডেল উদ্যোগ’ হিসেবে অভিহিত করেছেন শফিকুল আলম।
বৈঠকে উপদেষ্টা পরিষদ আশা প্রকাশ করে, দেশের বাণিজ্য ও সংস্কৃতি খাতকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই দুই উপদেষ্টার ভূমিকা ভবিষ্যতেও গঠনমূলক ও অগ্রণী থাকবে।

কীওয়ার্ডস:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, শুল্ক আলোচনা বাংলাদেশ যুক্তরাষ্ট্র, সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠান, উপদেষ্টা পরিষদ বৈঠক ২০২৫


এ জাতীয় আরো খবর