বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

গাজায় ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত,ইসরায়েলের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৭ ০০:২৯:৫১
ছবি সংগৃহিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চরম খাদ্য সংকটের মধ্যে ত্রাণবাহী চারটি ট্রাক উল্টে পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ আগস্ট), যখন হাজারো ক্ষুধার্ত মানুষ ত্রাণ পাওয়ার আশায় সড়কের পাশে জড়ো হয়েছিলেন।
হামাস-নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘‘একাধিক ত্রাণবাহী ট্রাক জনতার ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২০ জন প্রাণ হারান এবং আরও অনেকে গুরুতর আহত হন।’’
স্থানীয় প্রশাসনের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণবাহী যানগুলোকে এমন একটি রাস্তায় পাঠায়, যা ছিল একদিকে ভাঙাচোরা ও অন্যদিকে বিপুল জনসমাগমপূর্ণ। গাজা সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, “দখলদার ইসরায়েল নিরাপদ সড়কের ব্যবস্থা না করে চালকদের ক্ষুধার্ত মানুষের মাঝে দিয়ে গাড়ি চালাতে বাধ্য করেছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।”
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় অনেক মানুষ গাড়ির ওপর উঠে পড়ে এবং হঠাৎ করেই গাড়িগুলো উল্টে যায়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ঘটনাস্থলের রাস্তাগুলো অসমান এবং দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি ছিল সর্বোচ্চ পর্যায়ে।
দুর্ঘটনার সময় কিছু জায়গায় বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায়। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, কিছু লোক রকেটচালিত গ্রেনেড ছোড়ারও চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহু সময় লেগে যায়। স্থানীয় পরিবহন সংস্থা জানায়, বেসরকারিভাবে ২৬টি ত্রাণবাহী ট্রাক প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছিল ইসরায়েলের অনুমতিক্রমে।
গাজার মধ্যাঞ্চলের হাসপাতালগুলোতে রাতভর আহতদের ঢল নামে। আল-শিফা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলো চিকিৎসাসেবায় হিমশিম খাচ্ছে। ডাক্তারদের বরাতে জানা গেছে, একাধিক আহতের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার প্রেক্ষাপটে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানায়, “খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিদিন মৃত্যু ও রোগবালাই বেড়েই চলেছে।”
আল-জাজিরার তথ্যমতে, বুধবারই অপুষ্টিজনিত কারণে আরও অন্তত তিনজনের মৃত্যু হয়েছে—এর মধ্যে রয়েছে একটি শিশু, এক নবজাতক ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহার ও অপুষ্টিজনিত কারণে ১৮৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি শিশু।

কীওয়ার্ডস:
গাজায় ত্রাণ দুর্ঘটনা,ফিলিস্তিনে ত্রাণ ট্রাক উল্টে ২০ নিহত,ইসরায়েলের নিরাপত্তাহীন ত্রাণ সরবরাহ,গাজা খাদ্য সংকট ২০২৫,গাজায় অপুষ্টিজনিত মৃত্যু

 


এ জাতীয় আরো খবর