রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

গাজা সম্পূর্ণ দখলের পথে ইসরায়েল? নেতানিয়াহুর নতুন পরিকল্পনা ঘিরে বিশ্বজুড়ে বিতর্ক

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৬ ০১:০১:২০
ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের প্রস্তাব পেশ করার প্রস্তুতি নিচ্ছেন। দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রস্তাবের লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, "পথ ঠিক হয়ে গেছে—আমরা পুরো গাজা দখল করব এবং হামাসকে চিরতরে পরাজিত করব।"
তবে এই পরিকল্পনার বিরোধিতা করছেন ইসরায়েলি সেনাপ্রধানসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তাদের মতে, পূর্ণ দখল কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ এবং জিম্মি থাকা বন্দীদের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে। সরকারি সূত্রের বক্তব্য, "যদি সেনাপ্রধান এই পরিকল্পনার সঙ্গে একমত না হন, তবে তাঁর উচিত পদত্যাগ করা।"
গাজায় বন্দী ২০ ইসরায়েলির পরিবার শঙ্কা প্রকাশ করেছে যে, এ ধরনের পদক্ষেপে তাদের প্রিয়জনদের জীবন ঝুঁকিতে পড়বে। জনমত জরিপে দেখা গেছে, ৭৫% ইসরায়েলি যুদ্ধবিরতির পক্ষে এবং তারা বন্দীদের ফেরাতে চুক্তি চান।
যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করছে। কারণ, এটি যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। গত ৪ আগস্ট প্রায় ২০০ অবসরপ্রাপ্ত ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়ে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সাবেক গোয়েন্দা প্রধান আমি আয়ালোন বিবিসিকে বলেন, "হামাস সামরিকভাবে দুর্বল হলেও একটি মতবাদ হিসেবে শক্তিশালী হচ্ছে। আদর্শিকভাবে এটিকে মোকাবিলা করতে হলে ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে হবে।"
জাতিসংঘ জানিয়েছে, গাজার ২০ লাখ বাসিন্দার মধ্যে ৯০% বাস্তুচ্যুত, এবং খাদ্যাভাব তীব্র আকার ধারণ করেছে। পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তাদের মতে, ইসরায়েলের কট্টরপন্থী নেতারা গাজায় নতুন ইহুদি বসতি স্থাপনের জন্য এ পরিকল্পনা করছে।
আন্তর্জাতিক বিশ্লেষকেরা নেতানিয়াহুর এই পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ ও কৌশলগতভাবে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন। ইয়েদিয়থ আহরোনোথের এক কলাম লেখক লিখেছেন, "নেতানিয়াহু কখনো এত বড় রাজনৈতিক জুয়া খেলেননি। ২২ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর তাঁর প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।"
নেতানিয়াহু শিগগিরই তাঁর নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে পরিকল্পনাটি নিয়ে আলোচনা করবেন। ইসরায়েলি সামরিক রেডিও জানিয়েছে, কেন্দ্রীয় শরণার্থীশিবির ঘিরে নতুন বিমান হামলা ও স্থল অভিযানের পরিকল্পনাও এর অংশ।

কীওয়ার্ডস:
ইসরায়েল গাজা দখল, বেনিয়ামিন নেতানিয়াহু, হামাস যুদ্ধ, গাজা মানবিক সংকট, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত


এ জাতীয় আরো খবর