বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বাংলাদেশকে নতুনভাবে গড়ার ঘোষণা: ফ্যাসিবাদ প্রতিরোধে ইসলামী আন্দোলনের আহ্বান

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৫ ১৮:৪৫:০৭
ছবি সংগৃহিত

বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চালানো শক্তিগুলোকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি ঘোষণা দিয়েছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মধ্য দিয়েই বাংলাদেশকে নতুনভাবে সাজানো হবে।
রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলন আয়োজিত গণমিছিলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মুফতি রেজাউল করীম বলেন, “এক বছর আগে জনগণের ত্যাগ আর রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী ও খুনি শাসন থেকে দেশ মুক্ত হয়েছিল। আজ যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে। বিদেশি তাবেদারদের কবর রচনা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে দেশকে নতুন করে সাজাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
তিনি আরও উল্লেখ করেন, “হাজারো মা-বোন রাস্তায় নেমেছিলেন, ছাত্ররা বুক পেতে দিয়েছিল। এত রক্ত ও ত্যাগের লক্ষ্য ছিল ফ্যাসিস্ট শক্তির পুনর্জন্ম যেন না হয়। জনগণ আর কখনও ব্যর্থ রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না।”
সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, “জুলাই বিপ্লব জনআকাঙ্ক্ষার সঞ্চার করেছে। পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে রাষ্ট্রের আমূল পরিবর্তন ঘটবে।”
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ছাত্র-জনতার ত্যাগেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাদের আন্দোলনকে অবমূল্যায়ন করা মানে শুধু ক্ষমতার লোভ।”
প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঘোষণা দেন, “বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
মাওলানা ইমতিয়াজ আলমও বলেন, “ভোট ও ভাতের অধিকার আদায়ে ছাত্র-জনতা জীবন দিয়েছে। দুর্নীতিবাজ শক্তিকে আবার ক্ষমতায় ফেরানোর কোনো সুযোগ নেই।”
সমাবেশ শেষে মুফতি রেজাউল করীমের নেতৃত্বে বিশাল গণমিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন, প্রেসক্লাব হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
দুপুরে জুলাই বিপ্লবের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, মানযিল ও সুরের তরীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় জুলাই যোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উলামায়ে কেরাম এতে বক্তব্য রাখেন।

কীওয়ার্ডস:
ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিআর পদ্ধতির নির্বাচন, জুলাই বিপ্লব, ফ্যাসিবাদ প্রতিরোধ, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম


এ জাতীয় আরো খবর