বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

না সি য়া ডে লা

  • সব শুভঙ্করের ফাঁকি
  • ২০২৫-০৮-০৫ ০১:৪৫:২৫

দাঁতব্রাশ করতে গিয়ে জানালার ধারে 
 দুটো শালিক দেখেছি ভোরবেলা, 
 কিচকিচ করে কথা বলছে ওরা। 
    হয়তো প্রেম করছে! 
দুটো শালিক মানেই প্রেমের বার্তা। 
অপেক্ষা করছি
 আজ কি তবে প্রেমের দিন?  

তাড়াতাড়ি নাস্তা খেয়ে 
অপেক্ষা করলাম কখন আসবে সেই প্রেম? 
  জোড়া শালিক দেখেছি !   
আজ ঘরে প্রেম আসবে, কাঙ্ক্ষিত প্রেম!  
 কলিংবেলটা বাজলো কি? 
আমি দেবদাসের পার্বতীর মতো 
আঁচল উড়িয়ে স্লো-মোশনে 
 দৌড়ে গিয়ে দেখি,  
বুয়া এসেছে, শালিকের প্রেম আসেনি !
 
শ্রাবনের অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, 
বৃষ্টির ফোটাগুলো 
ভাঙা রাস্তার জমানো পানিতে টপ করে পড়ছে 
আর বেলুনের মতো টোপড় উঠছে।
    তবে কি বিয়ে হবে?
 অপেক্ষা করছি আজ বিয়ে হবে, 
বর আসবে টোপর পড়ে। 
সুন্দর করে সাজবো বলে আয়নায় দাঁড়াতেই 
লোডশেডিং হয়ে গেলো। 
এ বিরহী বদনে কি করে দাড়াবো তার সামনে? 
আজ বর আসবে তো !  

ফিসফিস সুরে বৃষ্টি বলেছে সে কথা, 
 বেলকনিতে দাঁড়িয়ে আমি শুনছি ।
  দিন গড়িয়ে সন্ধ্যা হলো 
বর তো এলোনা! 
 সূর্যাস্তের সাথে বনিবনা না হওয়ায়
 চাঁদ ওঠার অপেক্ষায় রইলাম। 
 তাকে জানাবো ঐ সব অভিযোগ। 

কোনো কথাই কেউ রাখলো না, 
    উত্তেজনা বাড়ছে, 
মেঘলা আকাশ চাঁদ উঠবে তো আজ ? 
শালিক -বৃষ্টি- সূর্য -আর চাঁদরা ঠিক শিখে গেছে 
মানুষের মতো সংবিধানে
 সংশোধন না করার পরিক্রমা। 
আমি শুধু মাঝখান থেকে 
এক নির্বোধ লেখিকা হয়েই রয়ে গেলাম,
  প্রেমিকা হতে আর পারলাম না ! 


এ জাতীয় আরো খবর