মঙ্গলবার, মে ২৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস: বছর পর ফিরে এলো ছাত্র-জনতার বিজয়ের ঐতিহাসিক দিন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৫ ০১:৩৯:২৩
ফাইল ছবি

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন ঘটে। শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয়। এই দিনটি ছিল ছাত্র-জনতার ত্যাগ, রক্ত এবং সাহসিকতার ফল, যা নতুন বাংলাদেশ গঠনের ভিত্তি স্থাপন করে।
বছর ঘুরে সেই বিজয়ের দিন আবার ফিরে এসেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দিনটিকে "জুলাই গণঅভ্যুত্থান দিবস" হিসেবে ঘোষণা করেছে। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা বহাল রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম আন্দোলন শুরু করেন। "কোটা নয়, মেধা চাই"—এই স্লোগান ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকরা দমনমূলক পদক্ষেপ নেয়, ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। তার মৃত্যুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে প্রবল ক্ষোভ সৃষ্টি হয় এবং আন্দোলন সরকার পতনের দাবিতে রূপ নেয়।
৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক দফা ঘোষণা দেন—"সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে"। সেনা কর্মকর্তারাও প্রকাশ্যে জানিয়ে দেন, তারা আর ছাত্র-জনতার বিরুদ্ধে গুলি চালাবেন না।
৪ আগস্ট দেশজুড়ে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে। সহিংসতা, প্রাণহানি এবং জনবিক্ষোভের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৬ আগস্ট ঘোষিত "মার্চ টু ঢাকা" কর্মসূচি এগিয়ে ৫ আগস্টে আনে।
৫ আগস্ট সকালে রাজধানীর প্রবেশপথে ব্যারিকেড বসালেও ঢল নামে মানুষের। কারফিউ উপেক্ষা করে দুপুরের আগেই শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো জনতার দখলে চলে আসে। ঠিক তখনই আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ত্যাগ করেছেন।
বিকেল ৩টায় সেনাপ্রধানের ভাষণের আগেই বিজয়ের আনন্দে রাস্তায় নেমে আসে লাখো মানুষ। গণতন্ত্রের পতাকা হাতে জনতার উল্লাস ছড়িয়ে পড়ে সারা দেশে।
আজ সেই ৫ আগস্ট। ছাত্র-জনতার রক্তে রাঙা এই দিনটি কেবল অতীতের স্মৃতি নয়, এটি নতুন বাংলাদেশের অঙ্গীকার। অন্তর্বর্তী সরকার দিবসটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের মাধ্যমে সেই অঙ্গীকারের পুনর্নবীকরণ করছে।

কীওয়ার্ডস:
জুলাই গণঅভ্যুত্থান দিবস, ৫ আগস্ট সরকার পতন, শেখ হাসিনার দেশত্যাগ, ছাত্র জনতার বিজয়, অন্তর্বর্তীকালীন সরকার


এ জাতীয় আরো খবর