বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নতুন সংবিধান ও ‘সেকেন্ড রিপাবলিক’ গঠনে এনসিপির ২৪ দফা ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৩ ২০:২৮:২০
ছবি সংগৃহিত

 ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন এবং ‘সেকেন্ড রিপাবলিক’ ঘোষণাসহ ২৪ দফা ইশতেহার প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার উন্মোচন করেন।
ইশতেহার ঘোষণার আগে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “গত বছর এই দিনে আমরা শহীদ মিনার থেকে ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদী শাসনের অবসানের জন্য ঐতিহাসিক এক দফা। এটি কোনো ব্যক্তি বা দলের নয়, বরং দেশের জনগণ এবং অভ্যুত্থানকারী ছাত্র-জনতার ঘোষণা ছিল।”
তিনি আরও যোগ করেন, “ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও এর অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়নি। এখন সময় এসেছে রাজনৈতিক বন্দোবস্তকে এমনভাবে পুনর্গঠনের, যাতে স্বৈরতন্ত্র আর কখনো ফিরে আসতে না পারে।”

ঘোষিত ২৪ দফার মধ্যে উল্লেখযোগ্য হলো—
নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক গঠন
জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার
স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজের বিকাশ
সার্বজনীন স্বাস্থ্যসেবা
জাতিগঠনে নতুন শিক্ষানীতি
গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা রক্ষা
নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
মানবকেন্দ্রিক কল্যাণমুখী অর্থনীতি
তারুণ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন
টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব
শ্রমিক-কৃষকের অধিকার নিশ্চিতকরণ
জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা
পরিকল্পিত নগরায়ন, পরিবহন ও আবাসন
জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার
বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি
জাতীয় প্রতিরক্ষা কৌশল উন্নয়ন।
ঘোষণার শেষে নাহিদ ইসলাম সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, “এক বছর আগে আমরা শপথ নিয়েছিলাম স্বৈরাচার থেকে মুক্তির। আজ আবারও শপথ নিই- ২৪ দফার বাস্তবায়নের মাধ্যমে সবার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ব।”

কীওয়ার্ডস: নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জাতীয় নাগরিক পার্টি ইশতেহার, নাহিদ ইসলাম, নতুন বাংলাদেশ


এ জাতীয় আরো খবর