বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নারীদের কোপা আমেরিকা: রুদ্ধশ্বাস ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৮-০৩ ১২:৫৫:৩১
ছবি সংগৃহিত

অতীতের মতো এবারও নারীদের কোপা আমেরিকায় রাজত্ব করল ব্রাজিল। নাটকীয়তায় ভরা ফাইনালে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের রোমাঞ্চ শেষে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো মর্যাদাপূর্ণ ট্রফি জিতে নিল সেলেসাও মেয়েরা।
দশম আসরের ফাইনালটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরপুর। কলম্বিয়া প্রথমবারের মতো শিরোপার খুব কাছে পৌঁছে গিয়েছিল। ম্যাচের একপর্যায়ে তারা ৩-২ গোলে এগিয়েও যায়। কিন্তু ইনজুরি সময়ের শেষ মিনিটে কিংবদন্তি মার্তা গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান।
অতিরিক্ত সময়েও থামেননি মার্তা। গোল করে দলকে ৪-৩ গোলে এগিয়ে দেন। কিন্তু লেসি সান্তোসের গোল কলম্বিয়াকে আবার ফিরিয়ে আনে ম্যাচে। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটের শুরু থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল। যদিও মার্তা একটি শট মিস করেন, তার সতীর্থরা সেটি পুষিয়ে দেন। পাঁচ শট শেষে দুই দল ছিল ৩-৩ গোলে সমানে সমান। এরপর সাডেন ডেথে ব্রাজিল সফল হয়, কলম্বিয়া ব্যর্থ। আর তাতেই নবমবারের মতো শিরোপা উৎসব করে সেলেসাওরা।
এই জয়ের পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন মার্তা ভিয়েইরা দা সিলভা। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়ে ফিরে আসা এই কিংবদন্তির জন্য ফাইনালটি ছিল বিশেষ। তার দুই গোল শুধু ব্রাজিলকে শিরোপা এনে দেয়নি, বরং তার ক্যারিয়ারের শেষ অধ্যায়কে করেছে আরও উজ্জ্বল।
ব্রাজিলের হয়ে গোল করেন অ্যাঞ্জেলিনা আলনসো, আমান্দা গুতেয়াস এবং মার্তা দুটি। কলম্বিয়ার হয়ে গোল করেন লিন্দা কাইসেদো, মায়রা রমিরেজ, লেসি সান্তোস এবং একটি আত্মঘাতী গোল করেন তারসিয়ানে।
টানা পঞ্চমবারের মতো কোপা আমেরিকা জিতে একচেটিয়া আধিপত্য আরও দৃঢ় করল ব্রাজিল নারী দল। অপরাজিত থেকেই তারা শেষ করেছে পুরো আসর। এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং ফুটবল ইতিহাসে কিংবদন্তি মার্তার আবেগঘন প্রত্যাবর্তনের সাক্ষ্য হয়ে থাকবে।

কীওয়ার্ডস: নারীদের কোপা আমেরিকা ২০২৫, ব্রাজিল নারী ফুটবল দল, মার্তা ভিয়েইরা দা সিলভা ফাইনাল, কলম্বিয়া বনাম ব্রাজিল ফাইনাল, কোপা আমেরিকা ফেমেনিনা ফলাফল


এ জাতীয় আরো খবর