শুক্রবার, মে ১, ২০২৬

শাহবাগ ও শহীদ মিনারে পৃথক সমাবেশ রোববার,নাশকতার আশঙ্কায় সতর্কতা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৩ ০০:২৯:০২
ফাইল ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে রোববার (৩ আগস্ট) রাজধানী ঢাকায় দুটি বড় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শাহবাগে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, এই দুটি কর্মসূচিকে ঘিরে নাশকতার পরিকল্পনা থাকতে পারে।
তিনি লিখেছেন, “শহীদ মিনার ও শাহবাগ কেন্দ্রিক প্রোগ্রামে নাশকতার চেষ্টা হতে পারে। আয়োজকদের নিরাপত্তা জোরদার করতে হবে।”
যদিও আইনশৃঙ্খলা বাহিনী নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি, তবুও পুলিশ বলছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।
রবিবার শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। নগরবাসীকে অনুরোধ করা হয়েছে, ওই এলাকা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে।
একই দিনে অনুষ্ঠিত হবে এইচএসসির দুটি পরীক্ষা। ফলে সমাবেশের কারণে যানজটে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক জনভোগান্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছাত্রদল ও এনসিপি উভয়ই সমাবেশ সফল করতে বিপুলসংখ্যক লোক সমাগমের লক্ষ্যে গত কয়েকদিন ধরে মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে।

কীওয়ার্ডস:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৫, ছাত্রদল শাহবাগ সমাবেশ, এনসিপি শহীদ মিনার কর্মসূচি, ঢাকা ট্রাফিক নির্দেশনা ডিএমপি, নুরুল হক নূর নাশকতার আশঙ্কা


এ জাতীয় আরো খবর