যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পোশাকের ক্ষেত্রে নতুন শুল্ক ছাড়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে এ সুবিধা নিতে হলে অন্তত ২০ শতাংশ মার্কিন তুলা ব্যবহার করতে হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
শনিবার রাজধানীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “৩১ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক সংক্রান্ত যে নির্বাহী আদেশ জারি করেছেন, তাতে বাংলাদেশের জন্য সুযোগ রয়েছে। তবে শর্ত হলো-মোট ব্যবহৃত তুলার অন্তত ২০ শতাংশ আমেরিকা থেকে আমদানি করতে হবে।”
বিজিএমইএ সভাপতি জানান, মার্কিন তুলার দাম তুলনামূলক কম হওয়ায় এটি ব্যবহার করলে উৎপাদন খরচ হ্রাস পাবে।
তিনি বলেন, “আমাদের প্রায় ৭৫ শতাংশ রপ্তানি পণ্য তুলাভিত্তিক পোশাক। যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারে বাড়তি ২০ শতাংশ শুল্ক থেকে ছাড় মিলবে, যা প্রতিযোগিতায় সুবিধা দেবে।”
মাহমুদ হাসান খান আরও জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে উল্লেখ করা হয়েছে কিছু দেশের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি আলোচনা চলছে। সেসব চুক্তি সম্পাদিত হলে শুল্ক আরও কমতে পারে।
তিনি বলেন, “বাংলাদেশের এখনই আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
সংগঠনটি ইতোমধ্যে ইউএস প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে যাতে কাস্টমস কর্তৃপক্ষ এই নীতি বাস্তবায়ন করে। বিজিএমইএ বলছে, এ সুযোগ কাজে লাগাতে কৌশলগতভাবে মার্কিন তুলার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।
কীওয়ার্ডস:
বাংলাদেশ পোশাক রপ্তানি শুল্ক ছাড়, মার্কিন তুলা ব্যবহার শর্ত, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য, ট্রাম্পের নির্বাহী আদেশ ২০২৫, বিজিএমইএ সংবাদ সম্মেলন