শুক্রবার, মে ১, ২০২৬

সংবিধান সংশোধন শুধু সংসদেই সম্ভব: আমীর খসরু

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০২ ২৩:৩৩:২৬
ছবি সংগৃহিত

সংবিধান সংশোধনের যেকোনো উদ্যোগ সংসদের মাধ্যমেই হতে হবে এবং জনগণের ম্যান্ডেট ছাড়া এ ধরনের কোনো পরিবর্তন বৈধ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “সংবিধানের যদি কোনো সংশোধন করতে হয়, সেটা সংসদের ভেতর থেকেই করতে হবে। এজন্য জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে প্রত্যেকটি দলকে। সংসদের বাইরে থেকে কোনো পরিবর্তন আনার সুযোগ নেই।”
তিনি আরও উল্লেখ করেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই সংসদীয় পদ্ধতিকে এড়িয়ে সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে। এ ধরনের প্রয়াস দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।”
বিএনপির এই নেতা বলেন, “সংস্কার যতই করা হোক, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করলে কোনো লাভ হবে না। আমাদের সহনশীল হতে হবে, অপরের মতকে সম্মান জানাতে হবে। জাতীয় স্বার্থে যেখানে ঐক্য দরকার, সেখানে ঐক্য গড়ে তুলতে হবে।”
৫ আগস্টের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা দিয়েছে—এমন ধারণা নাকচ করে তিনি বলেন, “আমি কোনো অনৈক্য দেখছি না। প্রতিটি দলের নিজস্ব দর্শন থাকবে। যেখানে একমত হওয়া সম্ভব, সেখানে আমরা একমত হবো। বাকি বিষয়গুলো জনগণের কাছে নিতে হবে। জনগণই দেশের মালিক, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।”

কীওয়ার্ডস:
সংবিধান সংশোধন সংসদে, আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য, বিএনপির রাজনৈতিক অবস্থান ২০২৫, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কৃতি ও ঐক্য


এ জাতীয় আরো খবর