মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাণীনগরে ব্যবসায়ীর পথরোধ করে ৫ লাখ টাকা ছিনতাই,তদন্তে পুলিশ

  • নওগাঁ প্রতিনিধি
  • ২০২৫-০৮-০২ ১৫:৪২:০৮
ছবি সংগৃহিত

নওগাঁর রাণীনগরে সিএনজির পথরোধ করে জুয়েল রানা (৪৫) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাণীনগর-আত্রাই সড়কের ঘোষগ্রাম বেতগাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার জুয়েল রানা নওগাঁ সদরের চকরামপুর মহল্লার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী। তিনি জানান, নওগাঁ মসজিদ মার্কেটে তাদের ‘মেসার্স রাসেল ক্লোথ স্টোর’সহ তিনটি পাইকারি কাপড়ের দোকান রয়েছে। আত্রাই উপজেলার ভবানীপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী নিয়মিত তাদের দোকান থেকে মালামাল নিয়ে থাকেন এবং শুক্রবার তিনি বকেয়া টাকা আদায় করে সিএনজি রিজার্ভ নিয়ে নওগাঁ ফিরছিলেন।
ঘোষগ্রাম এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা মুখোশধারী ছয়জন ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে। পরে তারা চাকুর মুখে জুয়েল রানার কাছ থেকে নগদ প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
ঘটনার পর রাতেই জুয়েল রানা রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত চলছে এবং দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দাবি করেছেন, সড়কে পুলিশের টহল জোরদার এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো জরুরি।

কীওয়ার্ডস:
রাণীনগর ছিনতাই, নওগাঁ ব্যবসায়ী টাকা ছিনতাই, রাণীনগর-আত্রাই সড়ক ডাকাতি, ঘোষগ্রাম ছিনতাই ঘটনা, রাণীনগর থানার তদন্ত


এ জাতীয় আরো খবর