সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

মৌলভীবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত,আহত ৩-সড়ক অবরোধে দেড় ঘণ্টার যানজট

  • মৌলভীবাজার প্রতিনিধি
  • ২০২৫-০৮-০২ ১৫:১৮:৩৫
ছবি সংগৃহিত

মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দুইটি বাস ভাঙচুর করে সড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আল আমিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আল আমিন মারা যান। আহত তিনজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন-আব্দুর রশিদ (২৮), গহযরত আলী (২৮) এবং মিনা বেগম।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান জানান,
“আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়, বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে রেফার করা হয়েছে।”
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, “বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাস ভাঙচুর ও সড়ক অবরোধ করলে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

কীওয়ার্ডস:
মৌলভীবাজার সড়ক দুর্ঘটনা, বাস অটোরিকশা সংঘর্ষ, আল আমিন নিহত মৌলভীবাজার, হবিগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল দুর্ঘটনা


এ জাতীয় আরো খবর