বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফ জ লু ল হ ক

  • শুকনো ফুলের অন্তর্দহন
  • ২০২৫-০৮-০১ ১৭:০৭:৪৯

জীবনের আদ্যোপান্ত ভুলে যেতে চাই
এমনকি আকাশনীলকেও
যে বিশালতায় ব্যর্থ স্বপ্ন বুনেছিলাম!
অনার্য-অবহেলা ও অযত্নেও
রাতের সুনসান নিরবতা,নিরব জোছনা
আমাকে কিছুই ভুলতে দেয় না।
তৃষিত নয়নে আলংকারিক ভালোবাসা 
ধম্রজালে বিগত হয় ব্যর্থ দিন
এভাবেই বছরের পর বছর
কে নিবে এতোগুলো বছরের দায়?
আকাশনীলে নেই তার উত্তর। 
অবকাশ দিন
প্রত্নতাত্ত্বিক মন খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম
তোমার কোনো ছবি নেই,চিঠি নেই
ঠিকানাও নেই
অথচ নিঃশব্দ উপস্থিতি মগ্ন চৈতন্যে।
স্পর্শ নেই,প্রতিশ্রুতি নেই
তবুও তুমি যাপিত জীবনে চোখের কার্ণিশে
দেয়ালে টাঙানো প্রচীন চিত্রকর্মের মতো সমুজ্জ্বল।
না পাওয়ার এতোসব আয়োজন সত্ত্বেও 
আসন্ন বসন্তের অপেক্ষায়...
জানি ততোদিনে তুমি পলাতক প্রেমিকার মতো 
সহজাত অভ্যাসে বন্ধ করে দেবে যোগাযোগের পথ,
অতঃপর অনিবার্য সবুজ পাতার ধুসর পতন-
হৃদয় পোড়ে শুকনো ফুলের অন্তর্দহনে।


এ জাতীয় আরো খবর