জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন সতর্ক করে বলেছেন, যদি এই সংস্কার কার্যক্রম এখন থেকেই শুরু না হয় এবং ভবিষ্যতের সরকারের ওপর ন্যস্ত করা হয়, তবে দেশ অনিশ্চয়তা ও সংকটে পড়তে পারে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা দীর্ঘ সময় আলোচনায় অংশ নিয়েছি। বেশ কিছু বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনের পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত রূপরেখা পাওয়া যায়নি।”
এনসিপি নেতা জানান, কমিশনের খসড়ায় বলা হয়েছে নতুন সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কিন্তু এই সময়সীমা নিয়ে দলটির আপত্তি রয়েছে। আখতার হোসেনের ভাষায়, “বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি এবং নাগরিকদের দীর্ঘ আলোচনার ফসল জুলাই সনদ। এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
আখতার হোসেন জোর দিয়ে বলেন, “আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার থেকেই জুলাই সনদের বাস্তবায়ন শুরু হোক। এ জন্য একটি স্পষ্ট আইনি ভিত্তি এখনই তৈরি করতে হবে।”
তিনি আরও জানান, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা করে বাস্তবায়নের পথ খোঁজার আশ্বাস দিয়েছে। তবে বিষয়টিতে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
কীওয়ার্ডস:
জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় ঐকমত্য কমিশন সংলাপ, এনসিপি আখতার হোসেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, জাতীয় নাগরিক পার্টির দাবি