সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

এশিয়ান ট্যুরে গোলবন্যা,এফসি সিউলকে ৭-৩ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-৩১ ২০:১৬:৫৮
ছবি সংগৃহিত

দক্ষিণ কোরিয়ায় এশিয়ান ট্যুরের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে লামিনে ইয়ামালের জোড়া গোল ও ফেরান তোরেসের দুর্দান্ত পারফরম্যান্সে এফসি সিউলকে ৭-৩ গোলে বিধ্বস্ত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
১৮ বছর বয়সী ইয়ামাল ম্যাচের শুরুতেই লেভানডোভস্কির সঙ্গে মিলিয়ে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের অ্যাসিস্ট থেকে পাওয়া বলে বাঁ পায়ের দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। বিশেষ এই ম্যাচে ইয়ামাল পরেছিলেন বার্সার কিংবদন্তি লিওনেল মেসির প্রিয় ১০ নম্বর জার্সি।
ম্যাচ শেষে ইয়ামাল বলেন, "এই জার্সি গায়ে গোল করতে পারা আমার শৈশবের স্বপ্ন পূরণ। দলের জয়েও আমি আনন্দিত।"
প্রথমার্ধের শেষের দিকে ইয়াং-উক চো ও ইয়াজান আল-আরাবের গোলে সমতা ফেরায় স্বাগতিক সিউল। তবে দ্বিতীয়ার্ধে বার্সা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ডি ইয়ংয়ের পাস থেকে ইয়ামালের দ্বিতীয় গোলের পর ক্রিস্টেনসেন, ফেরান তোরেস ও অধিনায়ক গাভির গোল বার্সাকে বড় ব্যবধানে এগিয়ে দেয়।
৮৬ মিনিটে হান-মিন জুং সিউলের হয়ে একটি গোল শোধ করলেও শেষ মুহূর্তে ফেরান তোরেসের দ্বিতীয় গোল ম্যাচের স্কোরলাইন ৭-৩ করে দেয়।
ম্যাচের বিরতিতে বার্সা একাদশে ১১টি পরিবর্তন আনে। এই সময় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস রাশফোর্ডও মাঠে নামেন। যদিও গোলের সুযোগ তৈরি করলেও সিউলের গোলরক্ষক তার প্রচেষ্টা রুখে দেন।
এশিয়ান সফরের প্রথম ম্যাচে ২৭ জুলাই বার্সা ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়েছিল। এবার ৪ আগস্ট ডেগু এফসির বিপক্ষে শেষ ম্যাচে খেলতে নামবে হান্সি ফ্লিকের দল।

কীওয়ার্ডস: বার্সেলোনা এশিয়ান ট্যুর ২০২৫, লামিনে ইয়ামাল ১০ নম্বর জার্সি, এফসি সিউল বনাম বার্সা ম্যাচ, ফেরান তোরেস বার্সেলোনা, দক্ষিণ কোরিয়ায় বার্সেলোনা প্রস্তুতি ম্যাচ


এ জাতীয় আরো খবর