মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

সু ব র্ণা গো স্বা মী

  • আয়নাখেলা
  • ২০২৫-০৭-৩১ ১৫:৫১:২৩

-কেমন কাটছে দিন? 
- অনবদ্য অবান্তর যেন, সাদাকালোয় বানানো আবির।
এর বেশি জানিনা।
- আচ্ছা, বলো কী পরিকল্পনা করলে? পোষা বিড়ালটার আর তোমার যৌথ জন্মদিন,তার জন্য কিনেছো কিছু রঙিন? বানাতে দিয়েছ সন্ধ্যাতারার ঝলমলে মখমল?
- মাছ কিনেছি,আলাদা রেখেছি কাঁটা।মাথা থেকে চোখ তুলে নিয়ে গোলাপী ফুলকায় বানিয়েছি ঘুড়ি,ওড়াবো সকালবেলা।
- বাহ, মানুষগুলি ছোট হয়ে যাচ্ছে জামার তুলনায়,এ বিষয়ে তোমার কী ধারণা?
-সত্য,কখনও তো মানুষকেই ধারণামাত্র মনে হয়,যাদের ঠিকঠাক আছে সব অঙ্গপ্রত্যঙ্গরা।
সবার একটা আস্তাবল আর আছে বিকলাঙ্গ ঘোড়া সেই নিয়ে ছুটে বেড়ায়, খুঁড়ে খুঁড়ে সাপ টেনে আনে রাত্রিতে।খেলা হয় খুব, চাবুক চাবুক খেলা।
-এত ঘৃণা! পুরুষ ও প্রকৃতি থেকে বাদ দিলে পুরুষ, বাঁচেনা প্রকৃতি।তবু মনে মনে তৈরি করে বসে আছো কাঠগড়া,বিচার করছো ফাঁসি দিচ্ছো, রোজই খসছে প্রাচীর প্রাসাদের পলেস্তারা।
-জানি,কিন্তু প্রকৃতি কতটা আছে? যতটা দেখা যায় শোনা যায় শোনা যায় নাকি ততটা যতটা প্রবেশ করে নৃসংশতা।
-কী চাও?
বিশেষ কিছু নয়, যেভাবে যোগাযোগহীন হয়ে পড়েছি দিন দিন,প্রয়োজন বেতারের ভোর।ভৈরবীতে আকাশবাণী, সুজলা সুফলা..
জানো, আমার আর এ সমস্ত পাশবালিশের অঙ্গীকারনামা পড়তে একটুও ভালো লাগছেনা।
-শান্তি আসুক
-না, সে আসবেনা।সে উত্থিত হবে।সজোরে, ফোয়ারার মত।চিৎকার দিয়ে ছুটে যাবে অনর্গল জলধারা, আমি শান্ত হবো সেদিন। নিংড়ে নিও ঘোর থেকে আমাদের সব খোয়াবনামা।


এ জাতীয় আরো খবর