বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মা নি ক পা ল

  • তুমি কাকে বলো পতিতা?
  • ২০২৫-০৭-৩০ ১৭:৫২:৩৮

পতিতা মানে কি শুধু সেই নারী,
যার দেহ বেচে চলে সংসার?
যে পেটের দায়ে বিকোয় শরীর--
করছো ঘৃণা,আর-- তিরস্কার?

তুমি যাকে বলো পতিতা,
সে কারো মা--কারো বোন ছিল একদিন,
কারো প্রেমিকাও।
তাকে একদিন ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ভেঙে দিয়েছিল কেউ,
অথবা বাঁচার আর কোনো রাস্তা ছিল না তার সামনে।
সে বিক্রি করেছে শরীর,
কারণ এই সমাজ তার শ্রমকে বলেছে “অযোগ্য”,
তার দারিদ্র্যতাকে বলেছে, "অপরাধ"।

সে বিক্রি করে এক রাতের ঘুম 
এক ফাঁকা মানুষের আদিমতা,
আর তুমি যে প্রতিদিন নিজের বিবেক বিক্রি করো--
কখনো অফিসে বসকে খুশি করে,
কখনো নেতাকে চাটুকারিতা করে--
তুমি কীভাবে মুখ তুলে বলো, ওরা ‘পতিতা’?

কোনটা বেশি পাপ?
নিজের শরীর বাঁচিয়ে অন্যকে বাঁচানো
না নিজের সুবিধা বাঁচাতে অন্যের জীবন নষ্ট করা?

তোমার কর্পোরেট বোর্ডরুম
তোমার মিডিয়ার মুখোশ
তোমার আদালতের অন্ধ বিচার--
সব কোথাও কোথাও পতিতালয় নয় কি?

তুমি ঘৃণা করো সেই মেয়েটিকে
যে টাকার বিনিময়ে শরীর দেয়
কিন্তু ভালোবাসা বা সম্মান চায় না।
তুমি ভালোবাসো সেই মেয়েটিকে
যে ইনস্টাগ্রামে শরীর দেখায়
তবে বলো “এটা আর্ট”।

তুমি পূজো করো দুর্গার,
যার চোখ বানাতে গেলে দরকার পতিতালয়ের মাটি।
তুমি জানো কেন?
কারণ এই সমাজ জানে,
সৃষ্টির মুখ ঢাকে না পবিত্রতার মুখোশ।
দেবীর গর্ভে জন্ম নেয় মানুষ,
পতিতার গর্ভেও।

তবে একবার ভাবো--
বিবাহিত পুরুষটা, যে নিয়ম করে “মিটিং” এর নামে যায়
এক “বন্ধুর রেফার করা” ঠিকানায়,
সে কি পতিত নয়?

আর সেই রাজনীতিবিদ,
যে মানুষের ক্ষুধা বিক্রি করে নিজের ক্ষমতা বাড়ায়
সে কি পতিত নয়?

সেই লেখক,
যে স্পন্সরের কথামতো ইতিহাস বদলায়--
সে কি পতিত নয়?

আমরা সবাই কোথাও না কোথাও বিক্রি হচ্ছি...
শুধু দাম, প্যাকেটিং আর আলোটা আলাদা।

তাই আবার জিজ্ঞাসা করি--
তুমি কাকে বলো পতিতা?
সে, যে শরীর দিয়ে বাঁচে?
না তুমি, যে বিবেক দিয়েও বাঁচতে জানো না?


এ জাতীয় আরো খবর