রবিবার, মে ৩, ২০২৬

গণ-অভ্যুত্থান না হলে নির্বাচন হতো না: জামালপুরে নাহিদ ইসলাম

  • জামালপুর প্রতিনিধি
  • ২০২৫-০৭-২৯ ০০:১৮:৩৬
ছবি সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “অনেকে বলছেন আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু সত্য হলো, গণ-অভ্যুত্থান না হলে আজকের নির্বাচন নিয়েই কেউ স্বপ্ন দেখতে পারতেন না। যদি কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের দিকে আন্দোলন না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনার অধীনে আরও চার বছর অপেক্ষা করতে হতো।”
সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে।”
তিনি অভিযোগ করে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজির অর্থনীতি তৈরি হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা-কর্মীও এই চক্রে জড়িয়ে পড়েছে। এনসিপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে ঘরের ভেতর থেকেই আমরা লড়াই শুরু করেছি। এজন্যই এনসিপি ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত করার আহ্বান জানিয়েছিলাম।”
নাহিদ ইসলাম বলেন, “গত ১৭ বছর জামালপুরে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি। রাজনীতি ছিল এক গডফাদারের নিয়ন্ত্রণে। আমরা জনগণকে সেই জিম্মিদশা থেকে মুক্ত করেছি। এখন এনসিপির রাজনীতিকে সমর্থন দিন, দেশ গঠনের কাজে এগিয়ে আসুন।”
এর আগে তমালতলা থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় ও জাতীয় নেতারা বক্তব্য রাখেন।

কীওয়ার্ডস: নাহিদ ইসলাম বক্তব্য, জাতীয় নাগরিক পার্টি জামালপুর, এনসিপি পদযাত্রা, বাংলাদেশ নির্বাচন আন্দোলন, গণ-অভ্যুত্থান রাজনীতি


এ জাতীয় আরো খবর