বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নারীর প্রতি সহিংসতা ও অপরাধীদের প্রশ্রয়ের অভিযোগে এনসিপি ত্যাগ করলেন নীলা ইস্রাফিল

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৮ ১৫:২৩:৩৩
ফাইল ছবি

ঢাকা, ২৮ জুলাই-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সকল সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি জানিয়েছেন, দলীয় নেতৃত্ব অপরাধ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় নীরবতা পালন করছে, যা তার কাছে অগ্রহণযোগ্য।
সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুক পোস্টে নীলা ইস্রাফিল লিখেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।”
তিনি অভিযোগ করেন, এনসিপির অভ্যন্তরে অপরাধীদের বিচার হয় না এবং একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং, ওই ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা তাকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে।
নীলা ইস্রাফিল আরও লেখেন, “যে ব্যক্তি একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে, তার বিরুদ্ধে কোনো শাস্তি না দিয়ে তাকে দলের মধ্যে স্থান দেওয়া হয়েছে। সেখানে ন্যায়বিচারের কোনো স্থান নেই।”
তার ঘোষণায় তিনি উল্লেখ করেন, “আজ থেকে এনসিপির সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদই আমার পথ। সত্য ও মর্যাদার পথে আমি একা হলেও পিছপা হব না।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নীলা ইস্রাফিলের এই সিদ্ধান্ত এনসিপির ভেতরে অস্থিরতা তৈরি করতে পারে। এ বিষয়ে দলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

কীওয়ার্ডস:
নীলা ইস্রাফিল এনসিপি ত্যাগ, এনসিপি নারী নির্যাতন অভিযোগ, জাতীয় নাগরিক পার্টি সংকট, নীলা ইস্রাফিল পদত্যাগ, বাংলাদেশ রাজনীতি খবর


এ জাতীয় আরো খবর