কোটা আন্দোলন থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থানের পর এক বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, “স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে গেছেন এবং ভারত তার হাজারো সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে। সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশইন হচ্ছে, যা বাংলাদেশের জনগণকে প্রতারিত করার সমান।” রোববার বিকেলে শেরপুর শহরের থানার মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “পুশইন যদি করতেই হয়, তবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশইন করুন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, তাদের বিচার করতেই হবে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসন ও পুলিশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। গোপালগঞ্জসহ সারা দেশে মুজিববাদকে আমরা আর জায়গা দিতে চাই না।”
পথসভায় নাহিদ ইসলাম শেরপুরের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরে বলেন, “এখানে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কর্মসংস্থান নেই। উন্নয়ন হয়েছে কেবল আওয়ামী লীগের সন্ত্রাসী ও তাদের দোসরদের জন্য।”
পথসভা শুরুর আগে শহীদ মাহবুব চত্বর থেকে একটি জুলাই পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। এতে সাধারণ জনগণ, এনসিপির কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কীওয়ার্ডস:
জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম, শেখ হাসিনার বিচার, সীমান্ত পুশইন, শেরপুর পথসভা