কি দুঃসহ
কি যে মর্মভেদী-
এখনো মেলা বসে
খেলা হয়,
রাতভর সুরের সোনারঙে
নির্যাসিত মূর্ছনায়
আকাশ অন্ধকার কাঁপে।
তবুও ভরা চাঁদের জোছনায়
অপলক চোখ রাখে পোড়া শহর।
বৈকালিক আনন্দ উদ্যানে
কলহাস্যে হেঁটে যায় শহুরে জনতা।
অথচ রাজধানীর বুক ভরা বাতাসে
প্রতি নিশ্বাসে সোনা বাচ্চাদের পুড়ে যাওয়া
মাংসের গন্ধ,
বুকের মানিকের অঙ্গার হয়ে যাওয়া
কলিজা হৃদপিন্ড।
চেনা বাতাসে ভেসে আসে যন্ত্রণার আর্তনাদ-
" আম্মু আমার কি নাক আছে?
আম্মু আমার ঠোঁটটা একটু ভিজিয়ে দাও।
" ভেতরটা জ্বলে যাচ্ছে-- আমাকে একটু আইসক্রিম দাও না-
মা গো একটু আইসক্রিম -"
( মাইলস্টোনের মর্মান্তিক বিমান দূর্ঘটনায় হতাহত সবার প্রতি শোকাহত শ্রদ্ধান্জলি)