সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

নরওয়ের সোমারয়: যেখানে ঘড়ির কাঁটা হারিয়ে যায় সময়ের হিসাব

  • সকালের আলো ডেস্ক:
  • ২০২৫-০৭-২৭ ২০:৫৬:৫১
ছবি সংগৃহিত

নরওয়ের উত্তর প্রান্তের ছোট্ট দ্বীপ সোমারয় পৃথিবীর অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে মে থেকে জুলাই পর্যন্ত সূর্য অস্ত যায় না, আর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য ওঠে না। ফলে কয়েক মাস ধরে দিন কিংবা রাতের প্রচলিত ধারনা এখানে কার্যকর নয়। এই বিশেষ প্রাকৃতিক অবস্থানের কারণেই দ্বীপের মানুষরা সময়ের প্রচলিত ধারণা অস্বীকার করেন।

সময় নয়,সূর্যের আলোই জীবনযাত্রার নিয়ামক
সোমারয়ের স্থানীয়রা বিশ্বাস করেন, ঘড়ির কাঁটা তাঁদের নিয়ন্ত্রণ করতে পারে না। তারা নিজেদের ছন্দে জীবন যাপন করেন, সূর্যের আলোকে অনুসরণ করেই কাজকর্ম চালান। রাত ২টাতেও কেউ সাঁতার কাটে, আবার ভোর ৪টেতেও কেউ মাছ ধরতে বেরিয়ে পড়ে। যতক্ষণ আলো, ততক্ষণ কাজ-এই ভাবনায় অভ্যস্ত দ্বীপবাসীরা।

সময়মুক্ত সমাজের দাবি
২০১৯ সালে সোমারয়ের বাসিন্দারা সরকারকে আনুষ্ঠানিকভাবে দাবি জানান, তাঁদের অঞ্চলকে ‘টাইম-ফ্রি জোন’ বা সময়মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হোক। তাঁদের যুক্তি ছিল, যেখানে রাত-দিনের প্রচলিত বিভাজনই নেই, সেখানে ঘড়ির সময় মানার কোনও মানে হয় না। যদিও প্রশাসনিক জটিলতার আশঙ্কায় এই দাবি মেনে নেয়নি সরকার।

বিশ্বে আলোড়ন তুলেছিল তাদের দাবি
এই উদ্যোগ আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় তোলে। কেউ এটিকে আধুনিক সভ্যতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখেন, আবার কেউ একে কেবল রোমান্টিক ধারণা মনে করেন। তবে আইনগত স্বীকৃতি না পেলেও সোমারয়ের এই দৃষ্টিভঙ্গি বিশ্ববাসীর মনে নতুন প্রশ্ন জাগায়-সময় কি বাস্তব, নাকি শুধুই সামাজিক নিয়ম?

দার্শনিক বার্তা
আজকের ব্যস্ত ও চাপপূর্ণ জীবনে সোমারয় যেন এক দার্শনিক বার্তা দেয়-সময় নয়, মানুষই সময়কে নিজের মতো করে তৈরি করতে পারে। এই দ্বীপ প্রমাণ করে, প্রকৃতির ছন্দের সঙ্গে একাত্ম হয়ে জীবনযাপন সম্ভব, যদি মানুষ চায় সময়ের শিকল ছিঁড়ে ফেলতে।

কীওয়ার্ডস: সোমারয় নরওয়ে, টাইম-ফ্রি জোন, সময়মুক্ত গ্রাম, নরওয়ের অদ্ভুত গ্রাম, Sommarøy Norway


এ জাতীয় আরো খবর