মঙ্গলবার, মে ২৬, ২০২৬

জুলাই সনদের খসড়া প্রস্তুত,৩১ জুলাইয়ের মধ্যে আলোচনার সমাপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৭ ১৪:৩৮:৩১
ছবি সংগৃহিত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, বহুল আলোচিত জুলাই সনদের প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে। রোববার রাজধানীতে অনুষ্ঠিত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠকের শুরুতে তিনি এই তথ্য জানান।
ড. আলী রীয়াজ বলেন, “কমিশন ইতোমধ্যে একটি খসড়া তৈরি করেছে। আগামীকালের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের কাছে খসড়াটি পাঠানো হবে। দলের অভ্যন্তরে আলোচনা করে মতামত জানালে সেগুলো চূড়ান্ত খসড়ায় সন্নিবেশিত করা হবে।”
তিনি আরও জানান, যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বড় কোনো মৌলিক আপত্তি না আসে, তবে খসড়া নিয়ে অতিরিক্ত আলোচনার প্রয়োজন হবে না।
সহ-সভাপতি স্পষ্ট করে বলেন,'৩১ জুলাইয়ের মধ্যে সব আলোচনা শেষ করতে হবে। এরপর আমরা প্রক্রিয়ার পরবর্তী ধাপে এগোব।'
এখন পর্যন্ত ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে, ৭টি বিষয় এখনও অসম্পূর্ণ আলোচনায় এবং ৩টি বিষয়ে কোনো আলোচনা শুরু হয়নি।
আজকের বৈঠকে আলোচিত হচ্ছে-রাষ্ট্র পরিচালনার মূলনীতি,নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ,পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছেন।
এছাড়া কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সকল মতামত একত্রিত করে পটভূমি, প্রাথমিক বক্তব্য, অঙ্গীকার ও প্রক্রিয়ার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে জুলাই সনদের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হবে।

 


এ জাতীয় আরো খবর