দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও ষড়যন্ত্রের গন্ধ শুঁকে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, পতিত শক্তি নানা গন্ডগোল সৃষ্টি করে আসন্ন নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। এই অপচেষ্টা প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে ইউনূস এ আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, “অভ্যুত্থানের সব শক্তি মিলে যদি একটি সুন্দর নির্বাচন করতে না পারি, তবে এই বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যাবে।”
তিনি উল্লেখ করেন, পরাজিত শক্তি বারবার সুযোগ পেলেই অস্থিরতা তৈরি করছে, যার ফলে দেশের স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে।
“যখনই আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছি, তখনই নতুন নতুন ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রেই বাধাগ্রস্ত হবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন দৃশ্যমান।”- বলেন ইউনূস।
বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় সব দলকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময়ে অংশ নেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, ন্যশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, এনডিএমের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বৈঠকের শুরুতে সম্প্রতি ঘটে যাওয়া উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাতও অনুষ্ঠিত হয়।
প্রফেসর ইউনূস স্পষ্ট করে দেন, “যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা না যায়, তাহলে দেশের গণতান্ত্রিক অর্জন বিপন্ন হবে।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, একযোগে কাজ করে নির্বাচনী প্রক্রিয়াকে সফল করতে হবে, যাতে দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট প্রদান করতে পারে।
কীওয়ার্ডসঃ মুহাম্মদইউনূস BangladeshElection2025 গণতন্ত্রেরঅগ্রযাত্রা ফ্যাসিবাদবিরোধীঐক্য জাতীয়রাজনীতি