বহুতল আবাসিক এক একটি দ্বীপ
সিসিটিভি, নজরদারি, সাবধানতার শিক,
জানলার সার্সি ! ধুলো জমে, নাকি ইতিহাস ?
ছতলায় বুড়ি মরে, রটায় দূরভাষ।
অভিব্যক্তি খেলে যায়, কোন কোন বোকা মুখে
দায়িত্বশীল প্রতিবেশী, থানায় ফোন করে মহা সুখে।
কাজ শেষ, চিয়ার্স, শনিবারে পার্টি জমে
দামি স্কচ, সুখ পানে, আলোছায়া যদি নামে !
ভোর ফোটে সোনা রোদ, আব্দারে কেঁদে মরে
রুপো ঝরা গোল চাঁদ, ছায়া তার যায় সরে।
ভোরের চায়ের কাপে, ঘুম ভাঙে নগরী
মসি মাখা চোখ জাগে, ঘরে ফেরে প্রহরী।
অগরু চন্দন, নিরীহ এ সকালে
শিরোনামে ধর্ষণ, বিকৃত বিকালে।
স্বপ্নের ফেরিওলা, ভুল করে আসে যদি,
কানাগলি পথ চলা, খুঁজে ফেরে সেই নদী।
স্বপ্নের শৈশব, কাঁধে বোঝা বড় ভারী
স্বপ্নের বলি সব, ছুটে চলে তাড়াতাড়ি।
ইএমআই কিস্তিতে, স্বপ্নরা তবু বাঁচে
ক্লান্তি আর অবসাদে, ঘুম যদি কিছু রচে !
ইংলিশমিডিয়াম, তার যেন কত দাম ?
শৈশব শিখে গেছে, দামেতেই আছে মান।
ঈশ্বরী আসে যায়, কিস্তিতে, বিপণনে
মানুষের শেষ রায়, কি লাভ আগমনে ?
পবিত্র ভালোবাসা, এখন রঙিন রিলের খেলা
আত্মহননের পথ বেছে নেয়, কত বেলা।
আবার রাত নামে, মুঠোফোন, গাড়ি ব্রেক
অভাগী মা কাঁদে, মানুষ হতে শেখ।