বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সেপাং সার্কিটে ভয়াবহ দুর্ঘটনায় আহত বাংলাদেশের রেসার অভিক আনোয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২৬ ১৪:৫১:০১
ছবি সংগৃহিত

বাংলাদেশের মোটরস্পোর্টস ইতিহাসের অন্যতম আলোচিত নাম অভিক আনোয়ার মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (২৬ জুলাই) তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
পেজের এক পোস্টে জানানো হয়েছে, রেস ওয়ানের সময় অভিকের গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়ে। তাকে দ্রুত মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে। পোস্টের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির একটি ছবিও শেয়ার করা হয়।
এর আগে শনিবার সকালেই অভিক তার পেজে কোয়ালিফাইং রাউন্ডের ফলাফল শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন,
"গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ স্লাইড না করত। ইনশাআল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করব!" দুর্ভাগ্যবশত সেই লড়াইয়ের আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
অভিক আনোয়ার বিদেশের মাটিতে রেস জয়ী প্রথম বাংলাদেশি রেসার। কানাডায় পড়াশোনার সময় থেকেই রেসিং ক্যারিয়ার শুরু করেন তিনি। বহু বাধা পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পতাকা বিশ্বের বিভিন্ন সার্কিটে উড়িয়েছেন।
বাংলাদেশে এখনো রেসিং জনপ্রিয় হয়ে না উঠলেও অভিক নিরলস প্রচেষ্টার মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

কী ওয়ার্ডসঃঅভিকআনোয়ার রেসিংবাংলাদেশ SepangCircuit MotorsportsBangladesh AbhikAnwarNews

 


এ জাতীয় আরো খবর