রবিবার, মে ৩১, ২০২৬

ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা,আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বেদা কৃষ্ণমূর্তি

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-২৬ ১৩:০৯:৫৭
ছবি সংগৃহিত

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি এখনও দুই মাস। এর মধ্যেই ভারতের অভিজ্ঞ ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় ৩২ বছর বয়সী এই ক্রিকেটার জানান, খেলা থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক কখনও ছিন্ন হবে না।
সোশ্যাল মিডিয়ায় নিজের ক্রিকেট জীবনের স্মৃতিচারণ করে বেদা লিখেছেন, “বড় স্বপ্ন নিয়ে ছোট শহরের মেয়ে হিসেবে বেড়ে ওঠা থেকে ভারতের জার্সি পরা পর্যন্ত যাত্রা ছিল গর্বের। ক্রিকেট আমাকে শুধু পরিচিতি দেয়নি, দিয়েছে অসংখ্য শিক্ষা ও স্মৃতি। সময় এসেছে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর, তবে ক্রিকেটের পাশ থেকে আমি কখনও সরব না।”
তিনি আরও উল্লেখ করেন, “ছোট গলি থেকে উঠে এসে কখনও ভাবিনি বড় স্টেডিয়ামে খেলব। ক্রিকেট আমাকে লড়াই শিখিয়েছে, জীবনের আসল মানে শিখিয়েছে।”
পরিবার, সতীর্থ, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানান তিনি।
২০১১ সালে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় বেদা কৃষ্ণমূর্তির। সেই ম্যাচেই করেন অর্ধশতক।
তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে-
৪৮ ওয়ানডে ম্যাচে ৮২৯ রান
৭৬ টি-টোয়েন্টি ম্যাচে ৮৭৫ রান

২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ রানের ইনিংস, যা ভারতকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখে।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ছিল আন্তর্জাতিক অঙ্গনে তার শেষ ম্যাচ।
বিদায়ের পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন এই ব্যাটার। তিনি জানিয়েছেন, নতুন ভূমিকায়ও তিনি ভারতের নারী ক্রিকেটের পাশে থাকবেন।
নারী ওয়ানডে বিশ্বকাপের আগে বেদা কৃষ্ণমূর্তির অবসর ভারতীয় ক্রিকেটের জন্য এক বড় ধাক্কা হলেও, তার অবদান ও স্মৃতি দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। ভক্তরা এখন অপেক্ষা করছে, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নতুন ভূমিকায় বেদাকে দেখার জন্য।

কী ওয়ার্ডসঃবেদাকৃষ্ণমূর্তিঅবসর VedaKrishnamurthyRetirement ভারতনারীক্রীড়া WomensCricketIndia ICCWWC2025


এ জাতীয় আরো খবর