আমার শিশু খিঁচুড়ি খায়
ভ্রূণ অবস্থায় গর্ভে
পেট ভরিয়ে হাসি আমি
সফলতার গর্বে।
আমার শিশু ভূমিষ্ঠ হতে
ন্যূনতম খরচ পায়
খুব আনন্দে থাকি তাই
নিজের এমন অক্ষমতায়।
আমার শিশু স্কুলে যায়
সরকারি ব্যাগ কাঁধে
তার জন্য মিড ডে মিল
স্কুলের মাসি রাঁধে।
আমার শিশু চিন্তাহীন
পরীক্ষাতে করতে পাশ
বইয়ের পড়া না জেনেও
নতুন ক্লাসের মেটায় আশ।
আমার শিশু সাইকেল চড়ে
স্বপ্নে উড়ান দেওয়ার মতো
নিচের ক্লাস থাক অন্ধকারে
নাইনে ওঠার তাড়া যতো।
আমার শিশু কন্যাশ্রী
লক্ষ্মীরূপেন কন্যা
পঁচিশ হাজার আনে ঘরে
আনে খুশির বন্যা।
আমার শিশু যুবশ্রী
পুত্র নামক রত্ন
সময় মতো যুবক ভাতা
করে তার যত্ন।
আমার শিশু বড় হয়
বড় হয়না মানসিকতা
পরিশ্রম শিকেয় তুলে
সহজে পায় বেকার ভাতা।
আমার শিশু আমার শিশু
সহজে পাওয়ার বুদ্ধি আঁটে
ভাবছি তাই বয়স্ক ভাতা
পাবে কিনা বছর ষাটে!
ওই বয়সে ভাতা না হলে
তার পক্ষে চলাই দায়
সারা জীবন অনুদানে
সঞ্চয় করার পাবেনা সময়।
ঐ সময়টা উতরে দিও
তোমার দিকটা ঠিক থাকলে
এক দুই হাজারেই চলে যাবে
এর বেশি কি ভিক্ষা মেলে??
দুধে ভাতে নাইবা রাখলে
রাখো যদি অনুদানে
জীবনভর গলা মিলিয়ে
ভরে দেবে জয়ের গানে।