পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এই ঐতিহাসিক জয় শুধু মাঠেই নয়, প্রভাব ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট র্যাংকিংয়েও। আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় অগ্রগতি দেখা গেছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের পারফরম্যান্সে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ১ উইকেট শিকার করে দুর্দান্ত বোলিং করেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এ পারফরম্যান্সের বদৌলতে তিনি র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে এখন রয়েছেন ৯ নম্বরে। ২০২১ সালের অক্টোবরের পর এই প্রথমবার তিনি টি-টোয়েন্টি বোলারদের শীর্ষ দশে ফিরলেন।
অভিজ্ঞ অফ-স্পিনার শেখ মেহেদি হাসান ৯ ধাপ এগিয়ে এখন বোলারদের তালিকায় ১৬ নম্বরে। একইভাবে, তরুণ পেসার তানজিম হাসান সাকিবও ৯ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৩৭তম স্থানে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়া শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৩ নম্বরে। এছাড়া তাসকিন আহমেদ ১ ধাপ এগিয়ে ২৭ নম্বরে ও রিশাদ হোসেন ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে অবস্থান করছেন।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় সাফল্য এসেছে তানজিদ হাসান তামিমের হাত ধরে। ১৮ ধাপ লাফ দিয়ে তিনি এখন ৩৭ নম্বরে; ৫৫৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কধারী ব্যাটসম্যান।
তাওহিদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে ৩৯তম স্থানে রয়েছেন। আর জাকের আলি অনিক দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের ঝলক দেখিয়ে ১৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। তার বর্তমান রেটিং ৫০৮।
ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড
চার ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ
বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি
অলরাউন্ডারদের মধ্যে ৭ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন ক্যারিবিয়ান রোস্টন চেইস, ঠিক পেছনে ভারতের হার্দিক পান্ডিয়ার
এই ঐতিহাসিক সিরিজ জয় শুধু পাকিস্তানকে হারানোর প্রতীক নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতির একটি শক্ত বার্তা। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দল র্যাংকিংয়েও প্রমাণ করছে নিজেদের শক্ত অবস্থান।
কিওয়ার্ডস: বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ জয়,মোস্তাফিজুর রহমান সেরা দশে,বাংলাদেশ ক্রিকেট র্যাংকিং অগ্রগতি,আইসিসি র্যাংকিং ২০২৫,বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য