মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

উত্তরা ট্র্যাজেডি: ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মিলল মুক্তি,বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্ষোভের মুখে উপদেষ্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৭-২২ ২০:১৫:৫৭
ছবি সংগৃহিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর দ্বিতীয় দিনেও উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দুর্ঘটনার দায়-দায়িত্ব এবং ব্যবস্থাপনায় অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এরই মধ্যে কলেজে আগত প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টারা কলেজে প্রবেশ করে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু বের হওয়ার সময় শিক্ষার্থীদের প্রবল প্রতিক্রিয়ার মুখে পড়েন তারা। 'ভুয়া ভুয়া' স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস, উত্তেজনার মুখে তারা আশ্রয় নেন কলেজ ভবনের একটি কনফারেন্স রুমে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ জানান, “উপদেষ্টারা এসে দায় এড়ানোর কথা বলছেন, অথচ কেউই স্বীকার করছেন না যে উদ্ধার ও চিকিৎসায় ভয়ানক গাফিলতি হয়েছে।”
শিক্ষার্থীরা অভিযোগ করে, 
দুর্ঘটনার পরপরই দ্রুত অ্যাম্বুলেন্স বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
শিক্ষার্থীদের আইডি কার্ডে জরুরি যোগাযোগ নম্বর ছিল না।
রক্তের গ্রুপও উল্লেখ করা ছিল না।
সংকীর্ণ গেটের কারণে আহতদের বের করতে সময় লেগেছে।

এই ক্ষোভের মধ্যেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে, উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনে অবস্থান করছেন। মুহূর্তেই কয়েক হাজার শিক্ষার্থী কলেজ মাঠে জড়ো হয়ে ভবন ঘিরে ফেলে। উত্তপ্ত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ৫–৭ জন প্রতিনিধিকে আলোচনার জন্য ভেতরে নেয়া হয়, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি।
বিকাল সাড়ে ৫টার পর, পুলিশের সহায়তায় পরিস্থিতি কিছুটা শান্ত হলে উত্তরা জোনের ডিসি (এডিশনাল ডিআইজি) মো. মুহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে উপদেষ্টাদের নিরাপত্তার জন্য কলেজের পেছনের ফটক দিয়ে বের করে আনা হয়।
ডিসি সাংবাদিকদের বলেন, “উপদেষ্টারা প্রাথমিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছিলেন। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করে বের করে এনেছি।”
শিক্ষার্থীরা বলছে, দুর্ঘটনার ভয়াবহতা এবং প্রাণহানির ঘটনার পরও কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতা মেনে নেয়া যায় না। তাদের একটাই দাবি-দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কেউ কেউ বলছেন, “শুধু দুঃখ প্রকাশ নয়, চাই ন্যায্য বিচার ও ভবিষ্যতে নিরাপদ শিক্ষা পরিবেশ।”

কিওয়ার্ডসঃ উত্তরাবিমানদুর্ঘটনা,MilestoneCollegeProtest,AsifNazrulCRAbrarTrapped


এ জাতীয় আরো খবর