রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হলো। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। মৃতদের তালিকায় আছেন স্কুলটির দুই জন শিক্ষকও।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, বিমানবাহিনীর একটি FT-7BGI যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে একাধিক তলায়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দগ্ধ হয়ে নিহতদের মধ্যে স্কুলটির দুই নারী শিক্ষক রয়েছেন-মেহেরীন চৌধুরী ও মাসুকা বেগম।
মেহেরীন চৌধুরী মারা যান সোমবার রাত ৮টা ৫০ মিনিটে, আর মাসুকা বেগম মারা যান রাত ১২টা ২০ মিনিটে।
এদের মধ্যে মেহেরীন চৌধুরী বাংলা বিভাগের শিক্ষিকা ও কো-অর্ডিনেটর ছিলেন, যিনি অন্তত ২০ শিক্ষার্থীকে জীবন বাঁচাতে সাহায্য করেছিলেন। অপরদিকে ৩৭ বছর বয়সী মাসুকা বেগম ছিলেন ইংরেজি মাধ্যমের শিক্ষিকা।
এর আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সংবাদ ব্রিফিংয়ে জানান, মৃত ২৭ জনের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। তবে পরে হাসপাতালের ডেথ রেজিস্ট্রার ঘেঁটে নিশ্চিত হওয়া যায়, সেখানে দুই শিক্ষক মারা গেছেন।
মাসুকা বেগমের খালাতো ভাই খালেকুজ্জামান সবুজ জানান, “তিনি ছিলেন দায়িত্বশীল, নির্ভীক এবং শিক্ষার্থীদের খুব ভালোবাসতেন। দুর্ঘটনার সময়ও তিনি ক্লাসে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের বের করতে সহায়তা করেছিলেন।”
আহত ১৬৫ জনের মধ্যে অন্তত ৩০ জন এখনো ঢাকা মেডিকেল, বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা ও আর্মি হাসপাতালে চিকিৎসাধীন।
তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, বিশেষ করে যাঁরা সরাসরি বিস্ফোরণ বা আগুনের মুখে পড়েছিলেন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ফ্লাইট ট্রায়ালের সময় উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের পাশে বিধ্বস্ত হয়। এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে।
এতে পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় কলেজে ক্লাস চলছিল।
ঘটনার পরপরই বিমানবাহিনীর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন উঠেছে-কীভাবে একটি যুদ্ধবিমান জনবহুল এলাকায় এত নিচু দিয়ে উড়ছিল? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, “এটি শুধু দুর্ঘটনা নয়, একটি ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতার উদাহরণ। যেকোনো প্রশিক্ষণ উড্ডয়ন এমন জনবহুল এলাকায় হওয়া উচিত নয়।”
কিওয়ার্ডসঃ উত্তরাবিমানদুর্ঘটনা,MilestoneCollege,TeacherHero,মাসুকাবেগম,MeherinChowdhury,UttaraPlaneCrash, FT7BGICrash,DhakaFireAccident