বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই: ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৭-২২ ১৬:৪৫:৩৬
ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, তারা কেবলমাত্র ইউরোপীয় ত্রয়ীর (ব্রিটেন, ফ্রান্স, জার্মানি) সঙ্গে আলোচনায় আগ্রহী, কিন্তু ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সংলাপের সুযোগ আপাতত নেই।
সোমবার (২১ জুলাই) তেহরানে এক নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই বক্তব্য দেন।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে বাকাই বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আমরা পরবর্তী দফার আলোচনায় প্রস্তুতি নিচ্ছি।”
তবে তিনি আরও যোগ করেন, “ইরান কূটনৈতিক চ্যানেলকে সর্বদা একটি সম্ভাবনার দ্বার হিসেবে দেখে। যদি জাতীয় স্বার্থ রক্ষায় কোনো সুযোগ সহায়ক প্রমাণিত হয়, ইরান তা কাজে লাগাতে পিছপা হবে না।”
বাকাই জানিয়েছেন, ইরান এবং ইউরোপীয় ত্রয়ীর মধ্যে আগামী ২৫ জুলাই শুক্রবার নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হবে তুরস্কের ইস্তানবুলে। এই আলোচনা হবে উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং মূল আলোচ্য বিষয় হবে ইরানের পারমাণবিক কর্মসূচি।
ইরানের পক্ষে আলোচনায় অংশ নেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানচি ও সিনিয়র পরমাণু কূটনীতিক কাজেম ঘরিবাবাদি।
এদিকে চলমান ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি হলেও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে একচুলও পিছিয়ে আসবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাগচি বলেন: “হ্যাঁ, আমরা স্বীকার করছি যে আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় মারাত্মক ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ হবে না। এটি কেবল প্রযুক্তির প্রশ্ন নয়—এটি আমাদের জাতীয় গর্ব ও স্বার্বভৌমত্বের প্রতীক।”
তিনি আরও বলেন, “ইরানের পরমাণু শক্তি সংস্থা ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে কাজ করছে। তবে এটি আমাদের দমিয়ে রাখবে না।”
বিশ্লেষকদের মতে, ইরান একদিকে যেমন ইউরোপীয় কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি অগ্রাহ্য করে একটি কৌশলগত বার্তা দিচ্ছে। একইসঙ্গে, সাম্প্রতিক সংঘাতে পরমাণু স্থাপনাগুলোর ক্ষতি সত্ত্বেও সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণায় তেহরান তার কঠোর অবস্থান আরও স্পষ্ট করেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ ও নিষেধাজ্ঞার মুখেও ইরান নিজেদের বিজ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলেই মনে করছেন আন্তর্জাতিক পরমাণু বিশ্লেষকরা।

কিওয়ার্ডসঃ ইরানযুক্তরাষ্ট্রসম্পর্ক,IranUSDialogue,পারমাণবিকসমৃদ্ধকরণ,MiddleEastTensions,NuclearDiplomacy


এ জাতীয় আরো খবর