শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

নিরাপদ আকাশ চেয়েছিলাম

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৫-০৭-২২ ১৫:১৮:১৯
ছবি সংগৃহিত

আমরা শুধু চেয়েছিলাম
একটু শান্তি, একটু নিরাপত্তা-
স্কুলের আঙিনায়, বইয়ের পাতায়,
ভবিষ্যতের স্বপ্ন গাঁথায়।

কিন্তু হঠাৎ...
এক গর্জনে ভেঙে গেল সব,
আকাশ থেকে আগুন নেমে এলো,
ভাঙল ঘর, পোড়াল দেহ-
ছিঁড়ে ফেলল স্বপ্নের খাতা।

আমরা কিছুই বুঝিনি তখন-
শুধু দেখেছিলাম
বন্ধুরা আর জেগে উঠছে না,
রক্তমাখা ইউনিফর্ম আর কান্নায় ভেজা ক্লাসরুম।

আমরা তো যুদ্ধ চাইনি,
আমরা তো শুধু পড়তে চেয়েছিলাম,
জানতে চেয়েছিলাম,
এই দেশের ভালো কিছু গড়তে চেয়েছিলাম।

তবু কেন আমাদের ওপরই
ঝরে পড়ল লোহার পাখির বিষ?

আজ আমরা একসাথে দাঁড়িয়েছি,
ভাঙা হৃদয়ে, চোখে জল নিয়ে-
জানাতে চাই, আমরা বেঁচে থাকা ছাত্ররা
আরও কাউকে হারাতে চাই না।

আমাদের ছয়টা চাওয়া-
এগুলো অধিকার, কোনো দাবি নয়।
আমাদের প্রশ্নের উত্তর চাই,
আরও কোনো সকাল যেন এমন ভয়ংকর না হয়।

একটি নিরাপদ আকাশ চাই,
যেখানে পাখি উড়বে-বোমা নয়।
একটি স্কুল চাই,
যেখানে স্বপ্ন ঝরে পড়বে না আগুনে।


এ জাতীয় আরো খবর