শনিবার, জুন ২৭, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • কলম দিয়েই যুদ্ধ হবে
  • ২০২৫-০৭-২২ ০১:৩২:৫৯

তলোয়ার নয়, আমি ক্ষুরধার কথায় বিশ্বাস করি
বারুদের গন্ধে নয়, আমি কলমের কালিতে খুঁজি বিপ্লবী রসদ।
হাতে নেই বন্দুক-গ্রেনেড তবু প্রতিদিন লড়ে যাই প্রতিরোধ গড়ি দাঁড়িয়ে শত্রুর বিপক্ষে।
আমি যুদ্ধ করি --
জালিমের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে,
অবিচার আর ভণ্ড সভ্যতার বিরুদ্ধে।
আমার শত্রুরা অদৃশ্য --
তারা কখনো স্বৈরাচার, কখনো দুর্নীতিবাজ,
কখনো ধর্মের মুখোশে লুকানো আস্ত ফেরেববাজ।
আমি কলম চালাই --- বুকের অগ্নিগিরি ফেটে বেরিয়ে আসা সত্যের পক্ষে।
আমি যে কবিতা লিখি,
সে কবিতা কোনোদিন ভয় পেতে জানে না।
আমি লিখি সেই মা'কে নিয়ে, যার বুক থেকে ছেলেকে কেড়ে নেয় নরপশু।
লিখি সেই শিশুকে নিয়ে, যার স্বপ্নের মাঠ দখল হয়ে যায়।
আমার যুদ্ধ ঠান্ডা অথচ জ্বলন্ত
আমার শত্রু তা জানে না,
একটা কবিতা কখনো কখনো
তাদের রাজনীতির ভিতকে কাঁপিয়ে দিতে পারে।
আমি কলম যোদ্ধা --
আমার কবিতার ভাবনা হলো বারুদ, ছন্দ হলো মুক্তির গান।
এই যুদ্ধ শেষ হবে না কোনো কালের সীমানায়
এ যুদ্ধ চলবে ততদিন, যতদিন অপরাধীরা বেঁচে থাকবে,
ততদিন আমি লিখে যাবো নির্ভীক চিত্তে
দুর্দান্ত সাহসে ভরা আমার কলম চলবে বিরামহীন।

 


এ জাতীয় আরো খবর