মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রাশফোর্ড এখন কাতালান! বার্সেলোনায় যাচ্ছেন ম্যানইউ তারকা

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-২১ ১২:৫৪:৪৯
ফাইল ছবি

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে (লোন ডিল) বার্সায় যোগ দিচ্ছেন তিনি। তবে বিষয়টি শুধুই অস্থায়ী নয়-চুক্তিতে রয়েছে স্থায়ীভাবে কেনার সুযোগ। আগামী গ্রীষ্মে মাত্র ৩৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রাশফোর্ডকে পাকাপোক্তভাবে দলে টানতে পারবে বার্সা।
রাশফোর্ডের এই রোমাঞ্চকর যাত্রা শুধু ক্লাব বদলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি তার ব্যক্তিগত ত্যাগ ও পেশাদারিত্বেরও প্রতিচ্ছবি। ম্যানইউতে বছরে যেখানে তিনি প্রায় ১৮ মিলিয়ন ইউরো আয় করতেন, সেখানে বার্সায় খেলতে রাজি হয়েছেন প্রায় ৩০ শতাংশ কম পারিশ্রমিকে-মাত্র ১০ মিলিয়ন ইউরো বেতনে। স্বপ্ন পূরণের জন্য এ ধরনের ছাড় দেওয়াই প্রমাণ করে, কাতালান ক্লাবের হয়ে মাঠে নামার আকাঙ্ক্ষা কতটা গভীর।
স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সোমবার (২১ জুলাই) বার্সেলোনায় পৌঁছে মেডিকেল টেস্টে অংশ নেবেন রাশফোর্ড। আর মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে ক্লাব কর্তৃপক্ষ। বার্সার মিডিয়া টিম ইতোমধ্যে তার জন্য প্রচারণামূলক কনটেন্ট প্রস্তুত করছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারে আসলেও রাশফোর্ডের পুরো বেতনই দিচ্ছে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেড রাখেনি কোনো আর্থিক সংশ্লিষ্টতা। বিষয়টি থেকেই স্পষ্ট যে, বার্সায় খেলার জন্য নিজেই ব্যাপক আগ্রহ দেখিয়েছেন রাশফোর্ড। যদিও শুরুতে বার্সা তাদের মূল লক্ষ্য হিসেবে লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজকে চেয়েছিল। তবে লিভারপুলের উচ্চ ট্রান্সফার ফি দাবি ঠেকাতে বিকল্প খুঁজে নেয় তারা-এবং সেই বিকল্পই হয়ে ওঠেন রাশফোর্ড।
নতুন মৌসুম শুরু হওয়ার আগে রাশফোর্ডকে নিবন্ধন করতে মরিয়া বার্সেলোনা কর্তৃপক্ষ। কাতালান ক্লাবটি চায়, লা লিগার উদ্বোধনী ম্যাচেই রাশফোর্ডকে মাঠে নামাতে। সব কিছু ঠিকঠাক থাকলে, ক্যাম্প ন্যুতে বার্সা সমর্থকেরা তাদের নতুন ইংলিশ তারকাকে শিগগিরই জার্সি পরে খেলতে দেখবেন।
রাশফোর্ডের এই চুক্তি শুধু ফুটবলের লেনদেন নয়, এটি একজন খেলোয়াড়ের স্বপ্ন পূরণ, আত্মত্যাগ এবং সাহসী সিদ্ধান্তের বাস্তব উদাহরণ। বার্সায় তার এই নতুন অধ্যায় কেমন হয়, সেটাই এখন কোটি ভক্তের চোখে আকাঙ্ক্ষার বিষয়।

 


এ জাতীয় আরো খবর