বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ) ফলাফল প্রকাশ করেছে। এতে সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।
রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। বিপিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন রয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষা ৬ আগস্ট ২০২৫ থেকে শুরু হবে। সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইট, সংবাদমাধ্যম এবং এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কোনো প্রার্থীকে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।
প্রার্থীদের সাক্ষাৎকারপত্র পিএসসির ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নির্ধারিত দিনে নির্ধারিত বোর্ডে উপস্থিত হতে হবে।
প্রার্থীদেরকে BPSC Form-1 (Applicant's Copy) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের দুই সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে:
সদ্য তোলা ৩ কপি রঙিন সত্যায়িত ছবি
এসএসসি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট
জন্ম তারিখ প্রমাণে এসএসসি সনদ বা ও-লেভেল/এ-লেভেল প্রমাণ
বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমমানের স্বীকৃতি সনদ
এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের জন্য বিএমডিসি নিবন্ধন সনদ
বিএমডিসি রেজিস্ট্রেশনসহ উচ্চতা, ওজন, বুকের মাপ সংক্রান্ত চিকিৎসক সনদ
অধ্যয়নরত প্রার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র
সরকারি/আধা-সরকারি/স্থানীয় সরকার চাকরিতে থাকলে ছাড়পত্র
চাকরি ত্যাগ/অপসারণের প্রমাণপত্র
ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য স্বীকৃত সনদ
জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট
মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে নির্ধারিত মুক্তিযোদ্ধা সনদ
স্থায়ী ঠিকানার প্রমাণপত্র ও জনপ্রতিনিধির প্রত্যয়ন
প্রার্থীদেরকে অনলাইনে বাংলায় BPSC Form-3 পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে এবং প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার বোর্ডে সঙ্গে আনতে হবে।
এছাড়াও, পুলিশ ভেরিফিকেশন ফরমের (Pre-employment CV form) ৩টি কপি পূরণ করে প্রয়োজনীয় কাগজসহ জমা দিতে হবে।
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার নিশ্চয়তা নয়। সকল কাগজপত্র সঠিক ও নির্ভুলভাবে জমা না দিলে প্রার্থিতা বাতিল হতে পারে।
জাল সনদ, অসত্য তথ্য, প্রতারণা বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে চাকরির যোগ্যতা হারানোর পাশাপাশি ভবিষ্যতের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে।
চাকরিতে যোগদানের পরও যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফলাফল মোবাইলের মাধ্যমে জানতে চাইলে:
PSC 48 <Registration Number>
টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: PSC 48 123456 → Send to 16222
যেসব প্রার্থী পূর্বে ৪৬তম বা ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলেন, তাদেরকে অবশ্যই ২৩ জুলাই ২০২৫ এর মধ্যে নির্ধারিত গুগল ফর্ম (https://forms.gle/jstW39S12eWi9oBk6) পূরণ করে জমা দিতে হবে।
নোট: মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে পিএসসি। যেকোনো জটিলতা এড়াতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তি
৪৮তম বিসিএস, বিসিএস মৌখিক পরীক্ষা, BPSC Result 2025, বিসিএস ফরম জমা, 48th BCS Viva Schedule