রিমঝিম বরষায় উদাসী এ মন গান গায়
টুপটাপ বৃষ্টিতে ঝরে ফুল পাখিদের গায়।
নদীগুলো ভরভর চলে খরস্রোতের টানে
গাঁয়ের লোক কাঁপে ভয়ে ভাসে বুঝি বানে।
কদম কেয়া পাপড়ি মেলে বৃষ্টি ভেজা জলে
দিন মজুরের ঘরের কোণে কেমনে দিন চলে !
পাঠশালাতে শিশুদেরও মন বসে না পাঠে
পারের তরী ঘাটে বাঁধা কেমনে যাব হাটে।
খালবিল জলে ভরা শাপলা শালুক হাসে,
গরু-ছাগল পায় না খেতে চোখের জলে ভাসে।
বর্ষা নিয়ে মনের কথা লেখেন কত কবি,
রঙ তুলিতে শিল্পী আঁকে মেঘে ঢাকা রবি।
মনের ক্ষুধা মেটাতে এরা ব্যস্ত সদায় থাকে,
কজন কবি শিল্পী যারা তাদের খবর রাখে ?