যে নদী হারায় স্রোত তার কাছে
গিয়ে জিজ্ঞেস করো,
আমি কেমন ভাবে বেঁচে আছি !
যে গাছের পাতারা সব হলুদ হয়ে
ঝরে পড়ছে অসময়ে এবং ডালগুলো
ক্রমেই শুকিয়ে যাচ্ছে একটা একটা করে
তাকে গিয়ে জিজ্ঞেস করো,
ভালোবাসাহীন রাতের নির্জনতার গল্পগুলো
কেমন ম্যাড়মেড়ে, ভালোবাসাহীন দিনগুলো
কিভাবে কেটে যাচ্ছে স্বপ্নহীন
মেঘের ডানার মতো অবাধ্য বাতাসে
নুইয়ে পড়ছে নিদারুণ শোকে
আর্তনাদ করতে করতে!
কেউ বোঝে না কোন অগ্নির ভষ্ম মেখে
রক্তিম পলাশের মতো ভোরের রঙ
এমন নিকষ কালো আঁধারে ঢেকে গেছে!
তবুও চাই ভালো থাকো তুমি,
ভালো থাকো চিরকালই!
আমার নাহয় এমনই কাটুক দিনকাল!