বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ইউক্রেনে সরকারে বড় রদবদলের ঘোষণা জেলেনস্কির: অর্থমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৭-১৫ ১৩:২০:৩১
ছবি সংগৃহিত

রাশিয়ার পূর্ণমাত্রার হামলার তৃতীয় বর্ষপূর্তি অতিক্রান্ত হতেই ইউক্রেন সরকারের সবচেয়ে বড় রদবদলের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৪ জুলাই) এক ঘোষণায় তিনি বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া স্বিরিদেনকোকে প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শমিগালকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব দেন।
এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, যার বরাতে বিষয়টি আলোচনায় আসে।
জেলেনস্কি বলেন, “সরকারে ঢেলে সাজানোর সময় এসেছে। ইউলিয়া স্বিরিদেনকোকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছি এবং আমি শিগগিরই নতুন সরকারের পরিকল্পনা উপস্থাপন দেখতে চাই।”
তিনি আরও জানান, “ডেনিস শমিগাল প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ভালো করবেন, কারণ তার রয়েছে সরকার পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা-বিশেষ করে করোনা ও যুদ্ধকালীন সময়ে।”
এ রদবদলের জন্য ইউক্রেনের সংসদীয় অনুমোদন লাগবে। তবে বিগত সময়ে যুদ্ধকালীন সিদ্ধান্তে প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সংসদীয় সমর্থন দেখা গেছে।
ইউলিয়া স্বিরিদেনকো (৩৯): বর্তমানে অর্থমন্ত্রী। এ বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ চুক্তির আলোচনায় থাকায় আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসেন।
ডেনিস শমিগাল (৪৯): ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন। রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে করোনা মহামারির মতো সংকটকালেও প্রশাসন পরিচালনায় ছিলেন সক্রিয়।
স্বিরিদেনকো বলেছেন, "ইউক্রেন এখন এক 'গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে'। আমার অগ্রাধিকার হবে—অর্থনীতিকে শক্তিশালী করা, জনগণের জন্য সুরক্ষা-সহযোগিতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দেশীয় উৎপাদন বাড়ানো।"
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন অনেকটাই সময়োচিত। ইউক্রেনের প্রখ্যাত অর্থনীতিবিদ ও কিয়েভ স্কুল অব ইকনোমিকসের প্রধান টিমোফি মাইলোভানোভ বলেন, “মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। সরকারে রিফ্রেশ দরকার ছিল।”
জেলেনস্কির এই ঘোষণার আগেই গুঞ্জন ছিল-বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা চলছে। বিষয়টি নিয়ে জেলেনস্কি নিজেও ইঙ্গিত দিয়েছেন, বলেছেন-“যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নতুন গতি আনা প্রয়োজন, আর প্রতিরক্ষা মন্ত্রণালয়েও নতুন নেতৃত্ব দরকার।”
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা স্থবির থাকলেও যুদ্ধ চলছে সমানতালে। গত কয়েক মাসে ইউক্রেনীয় বাহিনী একাধিকবার রুশ আগ্রাসনের মুখে প্রতিরোধ গড়ে তুলেছে, তবে পাল্টা আক্রমণের গতি নিয়ে কিছু প্রশ্ন উঠছে। এর মাঝেই যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য নতুন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে, যা যুদ্ধের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে।

কীওয়ার্ডস : ইউক্রেন সরকার রদবদল, ইউলিয়া স্বিরিদেনকো প্রধানমন্ত্রী, ডেনিস শমিগাল প্রতিরক্ষামন্ত্রী, Zelensky reshuffle Ukraine, Ukraine new prime minister 2025, Ukraine cabinet reshuffle, Ukraine Russia war update, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, Zelensky new government, Ukraine economy, Ukraine defense changes


এ জাতীয় আরো খবর