বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনা স্থবির

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৭-১৪ ০০:৩৬:০৪

গাজা উপত্যকায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানতে ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি আলোচনা চলছিল, তা কার্যত ভেঙে পড়েছে। হামাসের একাধিক শীর্ষ কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন-বর্তমান আলোচনা কাঠামোর মাধ্যমে কোনো সমঝোতা সম্ভব নয়।
ফিলিস্তিনি আলোচনাকারী এক সূত্র জানায়, আলোচনার মূল জটিলতা রয়ে গেছে ইসরায়েলি সেনাদের গাজা ত্যাগ,ত্রাণ বিতরণে পূর্ণ স্বাধীনতা এবং কথিত বাফার জোন গঠনের প্রশ্নে। এসব ইস্যুতে সমাধান না হওয়ায়, যুদ্ধবিরতির সম্ভাবনা দিনে দিনে আরও ক্ষীণ হয়ে উঠছে।
সূত্রের মতে, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল রাফাহ অঞ্চলে নিজেদের সেনা অবস্থান বহাল রাখতে চায়। শুধু তাই নয়, গাজার উত্তরে ও পূর্বে কথিত "বাফার জোন" সৃষ্টি করে সেখানে স্থায়ী সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। এতে হাজার হাজার গাজাবাসী তাদের নিজ বাড়িতে ফিরতে পারবে না, এমন শঙ্কা প্রকাশ করেছে হামাস। ফলে এটি কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়, বরং দখলের একটি নতুন রূপ বলেই মনে করছে তারা।
চলমান অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসকে বন্দিবিনিময় প্রক্রিয়া নিয়ে এগিয়ে যেতে বলেছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে কতজন ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে, তা নির্ধারণের চেষ্টা চলছে। কিন্তু হামাস এই আলোচনাকে ‘দোষ চাপানোর কৌশল’ হিসেবে দেখছে।
ফিলিস্তিনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, "এই প্রক্রিয়ার মাধ্যমে দখলদাররা যুদ্ধবিরতি ব্যর্থ করে হামাসকে দায়ী করার চেষ্টা করছে। অথচ প্রকৃত বাধা ইসরায়েলের আগ্রাসী অবস্থান।"
অন্যদিকে, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্রতর হচ্ছে। আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোতায় বসছে এক জরুরি সম্মেলন, যেখানে দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা আসতে পারে।
এই সম্মেলনের আয়োজক ‘দ্য হেগ গ্রুপ’, যার সহ-সভাপতি দক্ষিণ আফ্রিকা। সহ-আয়োজক দেশ হিসেবে কলম্বিয়ার সরকারও এতে যুক্ত। এতে অংশ নেবে বাংলাদেশসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ। সম্মেলনে বার্তা দেওয়া হবে-“কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয়, এবং মানবতা বিরোধী অপরাধের দায় এড়ানো যাবে না।”
এই সম্মেলনে অংশ নেবে:
দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল, বলিভিয়া (প্রতিষ্ঠাতা সদস্য)
বাংলাদেশ, আলজেরিয়া, ব্রাজিল, চীন, চিলি, তুরস্ক, ইন্দোনেশিয়া, জিবুতি, নিকারাগুয়া, আয়ারল্যান্ড, ওমান, কাতার, পর্তুগাল, স্পেন, উরুগুয়ে, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস এবং ফিলিস্তিন
সম্মেলনে উপস্থিত থাকবেন:
জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিস
ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপে লাজ্জারিনি
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি ত্লালেং মোফোকেং
তাঁরা সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তথ্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল একদিকে যুদ্ধবিরতির আলাপ চালিয়ে গেলেও বাস্তবে তারা গাজার ভূখণ্ডের একটি বড় অংশে স্থায়ী সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায়। এটা বাস্তবায়িত হলে যুদ্ধবিরতি হলেও গাজার জনগণের বাস্তুচ্যুতি শেষ হবে না।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ইঙ্গিত পাওয়া গেছে, তারা সম্মেলনে মানবিক সহায়তা, অবরোধ প্রত্যাহার, এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা জোরদারে সক্রিয় থাকবে।
যুদ্ধবিরতির নামে যদি দখলদাররা নতুন সীমান্তরেখা টেনে দেয়, তাহলে সেটি শান্তি নয়, বরং একটি দীর্ঘমেয়াদি মানবিক সংকটের রূপরেখা হবে। এই মুহূর্তে প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের সরাসরি চাপ, নিরপেক্ষ তদন্ত, এবং আইনের শাসন প্রতিষ্ঠা। বোগোতায় সেই পদক্ষেপ নেওয়া গেলে যুদ্ধবিরতি নয়, প্রকৃত শান্তির পথে এগিয়ে যেতে পারে বিশ্ব।

কিওয়ার্ডস: ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি ২০২৫, গাজা পরিস্থিতি আপডেট, ফিলিস্তিন সংকট, বোগোতা সম্মেলন, দ্য হেগ গ্রুপ, ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন, বাংলাদেশ ফিলিস্তিন সমর্থন, ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ, গাজা যুদ্ধ ২০২৫


এ জাতীয় আরো খবর