রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অনুষ্ঠিত হলো এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ, যেখানে গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে এবং সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
রোববার (১৩ জুলাই) সকালে এই কর্মসূচির আয়োজন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, “গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে যেসব অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহত করতে হবে শক্ত হাতে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ গড়তে চাই। এখন সময় সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার।”
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন-হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আলি, যুবদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন,শ্রমিক দলের কেন্দ্রীয় সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়াসহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
অনুষ্ঠানে নেতারা বলেন, দেশ আজ গণতান্ত্রিক শূন্যতায় নিমজ্জিত। বিরোধী মত দমন, গুম-খুন, চাঁদাবাজি, দুর্নীতিতে দেশ বিপর্যস্ত। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোনো বিকল্প নেই।
সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, দেশে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে। তারা অঙ্গীকার করেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
কিওয়ার্ডসঃ তেজগাঁও বিএনপি, বিক্ষোভ মিছিল, সাইফুল আলম নীরব, গণতন্ত্র রক্ষা, তারেক রহমান, চাঁদাবাজি ও সন্ত্রাস, ঢাকা মহানগর বিএনপি, জাতীয় ঐক্য, স্বাধীনতা বিরোধী চক্রান্ত, রাজনৈতিক আন্দোলন বাংলাদেশ